থাইল্যান্ডে ২০২৪-২৫ বিপণন বর্ষে চাল ও ভুট্টার উৎপাদন বাড়তে পারে। এর পেছনে ভূমিকা রাখতে পারে আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি ও গড় ফলনের উন্নতি। সম্প্রতি এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।
এফএএসের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সেচনির্ভর প্রধান উৎপাদন অঞ্চলের জলাধারগুলোয় পর্যাপ্ত পানির সরবরাহ চালের উৎপাদন বাড়াতে সহায়তা করছে। ২০২৪-২৫ বিপণন বর্ষে খাদ্যশস্যটির মোট উৎপাদন পৌঁছতে পারে দুই কোটি টনে, যা গত বিপণন বর্ষের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। দেশের উত্তর ও মধ্য অঞ্চলে পানি সরবরাহ গত পাঁচ বছরের গড়ের তুলনায় ৩৬ শতাংশ ও ২০২৪ সালের তুলনায় ২৯ শতাংশ বেশি হয়েছে।
এফএএসের পূর্বাভাস বলছে, ভারতের পর দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশটি ২০২৪-২৫ বিপণন বর্ষে ৯২ লাখ টন চাল রফতানি করতে পারে, যা ২০২৩-২৪ বিপণন বর্ষের তুলনায় ৫ শতাংশ বেশি।
এদিকে থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৪৫০-৪৫৫ ডলার। আগের সপ্তাহেও দেশটিতে একই দামে পণ্যটি বেচাকেনা হয়েছে।
ব্যবসায়ীরা বলেছেন, চালের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে সরবরাহ আরো বাড়তে পারে। কিন্তু চাহিদা তুলনামূলক নিম্নমুখী।
২০২৪-২৫ বিপণন বর্ষে ভুট্টার উৎপাদন ২ শতাংশ বেড়ে ৫৪ লাখ টন হতে পারে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সংস্থাটি জানিয়েছে, আগের বিপণন বর্ষের তুলনায় এবার ভুট্টার উৎপাদন তুলনামূলক আরো বেশি অনুকূল আবহাওয়া পাচ্ছে। তাছাড়া খরাজনিত ক্ষতি গতবারের তুলনায় কম হয়েছে। থাইল্যান্ডে চলতি বিপণন বর্ষের প্রথম পাঁচ মাসে ভুট্টার আমদানি গত বছরের তুলনায় ৮৩ শতাংশ বেড়েছে। এটি গত পাঁচ বছরের গড় আমদানির তুলনায় ৮৪ শতাংশ বেশি। মূলত বেশি চাহিদার কারণে আমদানির পরিমাণ বেড়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভুট্টা আমদানির এ উল্লেখযোগ্য বৃদ্ধি মূলত পশুখাদ্য খাতে চাহিদা পুনরুদ্ধারের কারণে হয়েছে। রোগের প্রাদুর্ভাবসহ অন্যান্য চ্যালেঞ্জের কারণে খাতটি আগে নানা সমস্যার মুখোমুখি হয়েছিল। তবে বর্তমানে তা আবার স্বাভাবিক হয়ে উঠছে।
থাইল্যান্ড প্রধানত লাওস, কম্বোডিয়াসহ প্রতিবেশী দেশগুলো থেকে সবচেয়ে বেশি ভুট্টার আমদানি করে থাকে। আসিয়ানের মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় এ দেশগুলো গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত শুল্কমুক্ত ও কোনো সীমাবদ্ধতা ছাড়াই ভুট্টা রফতানি করার সুযোগ পেয়েছে।