রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। ফলে জ্বালানি পণ্যটির সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। টানা তিন সপ্তাহে নিম্নমুখী থাকলেও এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। খবর বিজনেস রেকর্ডার।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে এলএনজির দাম ৬ শতাংশ বেড়েছে। এ সময় প্রতি এমএমবিটিইউ এলএনজি বেচাকেনা হয়েছে ১৪ ডলার ১০ সেন্টে, গত সপ্তাহে যা ছিল ১৩ ডলার ৩০ সেন্ট।
সূত্র আরো জানায়, চলতি বছর এশিয়ায় এলএনজির দাম ২০ শতাংশ বেড়েছে। এ সময় পণ্যটির গড় মূল্য ছিল প্রতি এমএমবিটিইউয়ে ১১ ডলার ৯৭ সেন্ট।
জ্বালানি গবেষণা ও ব্যবসায়িক তথ্য সেবা সংস্থা রাইস্ট্যাড এনার্জির সিনিয়র বিশ্লেষক মাসানোরি ওদাকা বলেন, ‘বছর শেষে রাশিয়া-ইউক্রেন প্রাকৃতিক গ্যাস ট্রানজিট চুক্তি শেষ হওয়া নিয়ে কিছু বিনিয়োগকারী ইতিবাচক পূর্বাভাস দিচ্ছেন। এছাড়া টিটিএফের (নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট) ঊর্ধ্বমুখী গতিপ্রকৃতির দিকে সবাই নজর রাখছে।’
প্রসঙ্গত, ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপের দেশগুলোয় রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ টিটিএফ মূল্যে প্রভাব ফেলতে পারে। টিটিএফ মূল্য এশিয়ার এলএনজি বাজারে প্রভাব ফেলে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জানান, ইউক্রেনের মধ্য দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি নবায়নে এ বছর আর সময় নেই। চুক্তি সম্প্রসারণে অনীহা দেখানোর জন্য ইউক্রেনকে দায়ী করেন তিনি।
তিনি বলেন, ‘সামনের দিনগুলোয় যুক্তরাষ্ট্রের তাপমাত্রা কম থাকতে পারে। তবে এশিয়ার দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয় মজুদ রয়েছে। তাই স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় কম শীতে চীন, কোরিয়া বা জাপান স্পট মার্কেট থেকে উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি কিনবে না।’
কমোডিটি প্রাইসিং এজেন্সি আরগাসের এলএনজি প্রাইসিংয়ের প্রধান মার্টিন সিনিয়র বলেন, ‘উত্তর-পশ্চিম ইউরোপে বড়দিনের বিরতি ও সপ্তাহান্তে দুর্বল বায়ুবিদ্যুৎ উৎপাদনের পূর্বাভাস প্রাকৃতিক গ্যাসচালিত বিদ্যুৎ চাহিদাকে সমর্থন করেছে।’
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১৩ ডলার ৭৬ সেন্টে। এছাড়া একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ২০ সেন্ট ছাড় দেয়া হয়েছে।
আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার ৭৫ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১৩ ডলার ৭৫ সেন্ট।
স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, শুক্রবার আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় দৈনিক ২৩ হাজার ৫০০ ডলারে স্থিতিশীল ছিল। তবে প্রশান্ত মহাসাগরীয় পথে তা কমে ২১ হাজার ৫০০ ডলারে পৌঁছেছে।