ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট

নিয়ম-বহির্ভূত বিনিয়োগ ফেরত আনার নির্দেশ

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে এএফসি হেলথ লিমিটেডে বিনিয়োগ করেছিল ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে এএফসি হেলথ লিমিটেডে বিনিয়োগ করেছিল ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। নিয়ম-বহির্ভূতভাবে করা এ বিনিয়োগের অর্থ ফেরত আনতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মাসে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ নির্দেশ দেয়া হয়।

বিএসইসি সূত্রে জানা যায়, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে নিয়ম-বহির্ভূতভাবে এএফসি হেলথ লিমিটেডে ৪ কোটি টাকা বিনিয়োগ করে।

তবে সমাপ্ত ২০১৮-২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এএফসি হেলথ লিমিটেডের শেয়ার মূলধন ১৪৫ কোটি টাকা দেখানো হলেও কোনো শেয়ার প্রিমিয়াম উল্লেখ করা হয়নি।

এছাড়া ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে এএফসি হেলথে প্রি-আইপিও প্লেসমেন্টে করা বিনিয়োগ থেকে কোনো আয় দেখানো হয়নি, যে কারণে এ বিনিয়োগের বিষয়ে ব্যাখ্যা ও প্রাসঙ্গিক নথি চেয়েছিল কমিশন। তবে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যাখ্যা ও নথি কমিশনের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

কমিশন মনে করেছে, এ নিয়ম-বহির্ভূত বিনিয়োগের ফলে ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের ফান্ডে ৯ কোটি টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয় বিএসইসি।

একই সঙ্গে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে বিনিয়োগের অর্থ ফেরত আনতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে ১০ কোটি টাকা জরিমানা করা হবে। যদি ৩০ দিন অতিবাহিত হয়, তবে পরবর্তী সাতদিনের মধ্যে এ জরিমানার অর্থ প্রতিষ্ঠানটির নিজস্ব দায় হিসেবে পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যেও পরিশোধে ব্যর্থ হলে এবং এ অবস্থা চলতে থাকলে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা বাড়বে। জরিমানার অর্থ অবশ্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। অন্যথায় সিকিউরিটিজ আইন মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া ফান্ডটির ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) তদারকি ও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ফান্ডটির ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় বিজিআইসিকে ১ কোটি টাকা জরিমানা করে বিএসইসি।

আরও