সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। লভ্যাংশ ঘোষণার পাশাপাশি আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
কোম্পানি পরিশোধিত মূলধন ন্যূনতম ৩০ কোটি টাকা রাখতে স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি, যা তাদের রিজার্ভ থেকে প্রদান করা হবে। এ সিদ্ধান্ত নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিভিও পেট্রোকেমিক্যালের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা, আগের হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৬৩ পয়সা। গত ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সায়।
সিভিও পেট্রোকেমিক্যালের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল বি ১’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ নভেম্বর সমাপ্ত ২০২৪ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ২৭ কোটি ৭৭ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০। এর ৪৫ দশমিক ৩১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৫৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।