টানা দ্বিতীয় বছরের মতো সংকুচিত হলো জার্মান অর্থনীতি

জার্মানির অর্থনীতি টানা দ্বিতীয় বছরের মতো সংকোচনের মুখে পড়েছে। ফেডারেল স্ট্যাটিসটিকস অফিস জানিয়েছে, ২০২৪ সালে দেশটির জিডিপি দশমিক ২ শতাংশ কমে গেছে।

জার্মানির অর্থনীতি টানা দ্বিতীয় বছরের মতো সংকোচনের মুখে পড়েছে। ফেডারেল স্ট্যাটিসটিকস অফিস জানিয়েছে, ২০২৪ সালে দেশটির জিডিপি দশমিক ২ শতাংশ কমে গেছে। অর্থনীতিবিদরাও একই পরিমাণে সংকোচনের পূর্বাভাস দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে চলমান স্থবিরতার গভীরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। খবর রয়টার্স।

স্ট্যাটিসটিকস অফিসের সভাপতি রুথ ব্র্যান্ড এক সংবাদ সম্মেলনে জানান, কাঠামোগত বাধাগুলো ২০২৪ সালে অর্থনৈতিক উন্নতির পথে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ প্রান্তিকে অর্থনীতি দশমিক ১ শতাংশ কমে গেছে। ফলে শিগগিরই পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

২০২৩ সালেও জার্মানির অর্থনীতি দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছিল। সর্বশেষ এমন টানা দুই বছরের অর্থনৈতিক সংকোচনের নজির দেখা গিয়েছিল ২০০০ সালের প্রথম দিকে।

ইফো ইনস্টিটিউটের পূর্বাভাস প্রধান টিমো উলমারশ্যোজার বলেন, ‘‌দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের পর জার্মানি এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘস্থায়ী স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ডে দেশটি এখন উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়ছে।

একসময় ইউরোপের অর্থনৈতিক শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত ছিল জার্মানি। এখন ইউরোজোনের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে রয়েছে দেশটি। ২০২৩ সালে সংকুচিত হওয়া একমাত্র বড় অর্থনীতি হিসেবে উঠে এসেছে জার্মানির নাম। অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে মতবিরোধ চ্যান্সেলর ওলাফ শুলজের তিন-দলীয় জোটের ভেঙে পড়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জার্মান ভোটারদেরও প্রধান উদ্বেগের বিষয় অর্থনীতি।

আরও