শুল্কের প্রভাবে ভারত থেকে গহনা রফতানি কমার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ভারতের ৩ হাজার ২০০ কোটি ডলারের রত্নপাথর ও গহনা খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ভারতের ৩ হাজার ২০০ কোটি ডলারের রত্নপাথর ও গহনা খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, শুল্কের কারণে সামনের দিনগুলোয় দেশটি থেকে রফতানি উল্লেখযোগ্য হারে কমার আশঙ্কা রয়েছে। খবর রয়টার্স।

ভারতের পণ্য আমদানিতে ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অন্যতম শীর্ষস্থানীয় হীরার অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কামা জুয়েলারির ব্যবস্থাপনা পরিচালক কলিন শাহ বলেন, ‘আরোপিত শুল্ক ধারণার চেয়েও অনেক বেশি। এর প্রভারে রফতানি উল্লেখযোগ্য হারে কমে যাবে।’

বিশ্বে কাটা ও মসৃণ হীরা রফতানিতে অন্যতম শীর্ষ দেশ ভারত। বিশ্বব্যাপী প্রক্রিয়াজাত প্রতি ১০টি হীরার মধ্যে নয়টিই এ দেশ সরবরাহ করে। ভারতের এ মূল্যবান পণ্যের প্রধান গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। দেশটি ভারত থেকে প্রতি বছর প্রায় ১ হাজার কোটি ডলারের রত্নপাথর ও গহনা আমদানি করে, যা ভারতের মোট বার্ষিক রফতানির ৩০ দশমিক ৪ শতাংশ।

সাম্প্রতিক মাসগুলোয় চীনের নিম্নমুখী চাহিদার কারণে এ খাত এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে (এপ্রিল-মার্চ) রফতানি ১৪ দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ২৩০ কোটি ডলারে নেমে এসেছে।

ভারতীয় শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মাধ্যমে এমন পরিস্থিতি সামাল দেয়া সম্ভব। সে লক্ষ্যে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা করছে দুই দেশ।

আরও