উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস ও ভারতের চাহিদা নিয়ে উদ্বেগের পরও ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম গতকাল কিছুটা বেড়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে এ সময় ভোজ্যতেলটির মূল্য নির্ধারণ হয়েছে টনপ্রতি ৪ হাজার ১২৬ রিঙ্গিত (৯৭৬ ডলার ৮০ সেন্ট)। খবর বিজনেস রেকর্ডার।
মুম্বাইভিত্তিক ভেজিটেবল অয়েল ব্রোকার কোম্পানি সানভিন গ্রুপের গবেষণা প্রধান অনিলকুমার বাগানি বলেন, ‘মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন চলতি বছর দুই কোটি টন ছাড়াতে পারে। এছাড়া ইন্দোনেশিয়ার উৎপাদনও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।’
ইন্দোনেশিয়া পাম অয়েল অ্যাসোসিয়েশনের (জিএপিকেআই) চেয়ারম্যান এডি মার্তোনো জানান, দেশটিতে জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ৪ কোটি ৩০ লাখ টন পাম অয়েল উৎপাদন হতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।
অন্যদিকে ২০২৪-২৫ বিপণন বর্ষে ভারতের পাম অয়েল আমদানি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে।
গতকাল ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সয়াবিনের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে দশমিক ৬ শতাংশ। এছাড়া শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে।