ইবিএল-ফ্রেন্ডশিপ সহযোগিতা

সুবিধাবঞ্চিতদের জন্য স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানি নিশ্চিতের উদ্যোগ

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তার সিএসআরের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানীয়জলের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তার সিএসআরের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানীয়জলের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের সঙ্গে যৌথভাবে কাজ করবে। এ উপলক্ষে ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটি সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। ইবিএল সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যৌথ কার্যক্রমের সূচনা উপলক্ষে অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন (এএমডি) আনুষ্ঠানিকভাবে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানের হাতে একটি চেক তুলে দেন।

ইবিএল জানিয়েছে, ফ্রেন্ডশিপের ‘চর সার্জারি অ্যাকসেস প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অংশীদারত্বের মাধ্যমে উত্তরবঙ্গের বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের কাছে বিশেষায়িত অস্ত্রোপচার সেবা পৌঁছে দেয়া হবে। এ উদ্যোগের অধীনে হাজারের বেশি অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ থেকে বঞ্চিত রোগীদের দৃষ্টিশক্তি, চলাচল সক্ষমতা, সামাজিক মর্যাদা ও জীবনমান পুনরুদ্ধার সম্ভব হবে।

ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল’ এবং ‘লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল’-এর পাশাপাশি স্যাটেলাইট ক্লিনিক ও প্রশিক্ষিত কমিউনিটি মেডিকেল এইডদের সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর আওতায় ছানি অপারেশন, বার্ন কন্ট্রাকচার চিকিৎসা, প্রোল্যাপস সংশোধন, অ্যাকিলিস টেনডন সার্জারিসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করা হবে।

অনুষ্ঠানে ইবিএল এএমডি আহমেদ শাহীন বলেন, ‘স্বাস্থ্যসেবায় ঘাটতি পূরণ এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে ফ্রেন্ডশিপের সঙ্গে যৌথভাবে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, ‘এ অংশীদারত্বের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা এবং নিরাপদ পানীয়জলের প্রাপ্যতা একসঙ্গে নিশ্চিত করা হচ্ছে।’

স্বাস্থ্যসেবার পাশাপাশি ইবিএল শ্যামনগরে দুটি মাল্টি-সোর্স ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে অর্থায়ন করবে। প্রতিটি প্লান্ট ঘণ্টায় প্রায় এক হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদনের মাধ্যমে প্রায় ৪০০টি পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর (লিগ্যাল) ও সিএফও মোহাম্মদ শামীম রেজা; সিনিয়র ডিরেক্টর ও স্ট্র্যাটেজি, প্ল্যানিং অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন প্রধান কাজী আমদাদুল হক; ডেপুটি ডিরেক্টর (হেলথ) ডা. রাফি আবুল হাসনাত সিদ্দিকী এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (পার্টনারশিপ ডেভেলপমেন্ট) এনামুল হক। অন্যদিকে ইবিএলের পক্ষে ছিলেন হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স জিয়াউল করিম, কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুন, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মেজর (অব.) মো. আবদুস সালাম এবং হেড অব বিজনেস ইনফরমেশন সিস্টেমস মো. মাসকুর রেজা।

আরও