ট্রাম্পের শুল্কনীতির অনিশ্চয়তা

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

বিশ্ববাজারে গতকাল স্বর্ণের দাম সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।

বিশ্ববাজারে গতকাল স্বর্ণের দাম সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। তাছাড়া ৯ জুলাইয়ের মধ্যে মার্কিন শুল্ক কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে অনিশ্চয়তা থাকায় বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুটিতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দাম বেড়েছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল আউন্সপ্রতি স্বর্ণের দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৪০ ডলার ৬৭ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য স্থির হয় ৩ হাজার ৩৫১ ডলার ১০ সেন্টে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান অ্যাকটিভট্রেডসের জ্যেষ্ঠ বিশ্লেষক রিকার্ডো এভাঞ্জেলিস্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতির দিকে মনোযোগ বাড়াচ্ছেন বিনিয়োগকারীরা। তাছাড়া ৯ জুলাইয়ের মধ্যে শুল্ক কার্যকর হওয়ার সময়সীমা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফলে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের পথ যারা বেছে নিচ্ছেন তাদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে।’

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেটে খুব অল্প ব্যবধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করছাড় ও ব্যয় বিলটি পাস করতে সক্ষম হলো রিপাবলিকানরা। বিলটিতে কর কমানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমানো ও সামরিক ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এটির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার বেড়ে যাবে।

বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাওনোভো বলেন, ‘বাজারের অংশগ্রহণকারীরা গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে চলতি বছরে সুদহার আরো কমানোর প্রত্যাশা অপরিবর্তিত রেখেছেন। আমরা এখনো মনে করি ঋণের পরিমাণ বৃদ্ধি, ফেডের ওপর সুদহার সামঞ্জস্যের চাপ ও দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্য স্বর্ণের দামের জন্য অনুকূল হবে।’

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে মঙ্গলবার কর্মসংস্থানের সুযোগ মে মাসের পূর্বাভাসের চেয়ে বেশি বেড়েছে। তবে নিয়োগে ঘাটতির ফলে শ্রমবাজারের প্রবৃদ্ধিতে ধীরগতি লক্ষ করা গেছে। এ মিশ্র পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের জন্য ফেডের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেছেন, তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের প্রভাব কী হবে সে সম্পর্কে বিস্তর তথ্য সংগ্রহ করতে হবে। ট্রাম্পের তাৎক্ষণিক ও বড় সুদহার কমানোর দাবির প্রতি ফেড এখনো কোনো সাড়া দেয়নি।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দাম গতকাল কিছুটা বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম আউন্সপ্রতি দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৬ ডলার ২৪ সেন্টে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ ও ২ শতাংশ বেড়ে যথাক্রমে ১ হাজার ৩৮০ ডলার ৩১ সেন্ট ও ১ হাজার ১২২ ডলারে পৌঁছায়।

আরও