যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্পন্সর পরিচালক মো. মাহমুদুল হক। সম্প্রতি পর্ষদের ৪৮৬তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়া মাহমুদুল হক ২০১২ সালে পর্ষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। যমুনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যবসা-বাণিজ্যে মাহমুদুল হকের প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। তার ব্যবসায়িক কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাক, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা ও আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত।
মাহমুদুল হক ১৯৯৪ সালে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন, যা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠান। বর্তমানে তার নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও আর্থসামাজিক উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত মাহমুদুল হক। তার স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাহমুদুল হককে পর্ষদ চেয়ারম্যান নির্বাচিত করার মধ্য দিয়ে তার নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং দেশের শিল্প ও ব্যবসায়িক খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে।