রুপার্ট মারডক-পরবর্তী ফক্স সাম্রাজ্য নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতা

‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডকের বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে তার পরিবার।

‘মিডিয়া মোগল’ রুপার্ট মারডকের বিশাল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে তার পরিবার। ৯৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান-আমেরিকান ব্যবসায়ীর পারিবারিক এ চুক্তির ফলে ফক্স নিউজের নীতি বা দিকনির্দেশনায় কোনো পরিবর্তন আসবে না বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রক্ষণশীলদের কাছে সবচেয়ে জনপ্রিয় এ টিভি নেটওয়ার্ক আগের মতোই পরিচালিত হবে। খবর এপি।

রুপার্ট মারডক ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সাত দশকের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টানেন। এদিন তিনি ফক্স করপোরেশন ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন। তবে পরামর্শক হিসেবে নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছেন রুপার্ট মারডক।

বাবার অবসরের পর পরই ফক্স ও নিউজ করপোরেশনের নেতৃত্ব গ্রহণ করেন বড় ছেলে লাচলান মারডক, যা গত সোমবার মারডক পরিবারের সদস্যদের এক সমঝোতা চুক্তিতে আরো পাকাপোক্ত হয়েছে। এতে পরিবারের মিডিয়া সাম্রাজ্যের একক নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠিত হলেন লাচলান মারডক। সমঝোতা অনুসারে, রুপার্টের প্রথম স্ত্রীর অন্য তিন সন্তান জেমস, এলিজাবেথ ও প্রুডেন্স প্রত্যেকে প্রায় ১১০ কোটি ডলার করে নগদ পাচ্ছেন। তবে তারা ভবিষ্যতে ফক্স বা নিউজ করপোরেশনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবেন না।

লাচলান মারডকের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। ব্যবস্থাপনায় তার সঙ্গে যুক্ত থাকবেন ছোট দুই বোন ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে রুপার্ট মারডকের দুই মেয়ে গ্রেস ও ক্লোয়িও। চুক্তির শর্ত অনুযায়ী, নতুন ট্রাস্টটি ২০৫০ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্রে টেলিভিশন রেটিংয়ে আধিপত্য ধরে রেখেছে ফক্স নিউজ ও এর রক্ষণশীল মতাদর্শনির্ভর অনুষ্ঠানগুলো। চলতি গ্রীষ্মে একাধিক সময়ে জনপ্রিয়তায় এটি সাধারণ সম্প্রচার নেটওয়ার্কগুলোকেও ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দলের খবর প্রচারের অন্যতম প্রধান প্লাটফর্ম হিসেবেও দেখা হচ্ছে ফক্স নিউজকে।

প্রতিবেদন অনুযায়ী, রুপার্ট মারডক ও তার ছেলে লাচলান ট্রাস্টের শর্ত পরিবর্তন করতে চাইলে সম্প্রতি শুরু হয় আইনি লড়াই। ওই ট্রাস্ট অনুযায়ী, রুপার্ট মারডকের মৃত্যুর পর তার চার বড় সন্তান সমানভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পেতেন। কিন্তু প্রুডেন্স, এলিজাবেথ ও জেমস মারডক তাদের বাবার মতো রক্ষণশীল নন। ফলে আশঙ্কা তৈরি হয়, তারা একজোট হয়ে লাচলানকে সরিয়ে দিতে পারেন এবং ফক্স নিউজের নীতিতে পরিবর্তন আনতে পারেন।

আরও