চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে আমদানি পণ্য বোঝাইয়ের পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দরসীমানা ছাড়তে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় প্রয়োজনে এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জনস্বার্থে এমন নির্দেশ দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বন্দর। সম্প্রতি এ নির্দেশ জারি করা হয়।
বন্দরের উপসংরক্ষকের স্বাক্ষর করা এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল বোঝাই করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘণ্টার মধ্যে বন্দরসীমানা ত্যাগ করার নির্দেশ দেয়া গেল। অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন এবং আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা (আইএসপিএস) কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া সীমিত এলাকায় এত অধিকসংখ্যক লাইটার জাহাজের অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি অন্য সরবরাহ ব্যবস্থাপনাও বিঘ্নিত হয় বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।