কোচিলকোর পূর্বাভাস

বিশ্বব্যাপী তামার মূল্যবৃদ্ধি বজায় থাকবে ২০২৬ সালেও

চলতি বছরের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী তামার দাম ২০২৬ সালে আরো বাড়তে পারে।

চলতি বছরের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী তামার দাম ২০২৬ সালে আরো বাড়তে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে চিলির রাষ্ট্রায়ত্ত কপার কমিশন কোচিলকো। সংস্থাটি জানায়, বিশ্ববাজারে সরবরাহ সংকট বৃদ্ধির ফলে দাম বাড়ার প্রবণতা কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। খবর রয়টার্স, মাইনিংডটকম ও বিজনেস রেকর্ডার।

কোচিলকোর নতুন পূর্বাভাস অনুযায়ী ২০২৫ সালে তামার গড় মূল্য পাউন্ডপ্রতি দাঁড়াতে পারে ৪ ডলার ৪৫ সেন্টে, ২০২৬ সালে তা হতে পারে ৪ ডলার ৫৫ সেন্ট। এর আগে দেয়া পূর্বাভাসে এটি ছিল পাউন্ডপ্রতি ৪ ডলার ৩০ সেন্ট।

কোচিলকোর মাইনিং মার্কেট কো-অর্ডিনেটর ভিক্টর গ্যারাই বলেন, ‘চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সামনের দিনগুলোয় তামার দামে ঊর্ধ্বমুখী চাপ বজায় থাকবে। তবে শুল্ক সমন্বয় অথবা বৈশ্বিক চাহিদার ধারা বদলে গেলেও তা বাজারে প্রভাব ফেলবে।’

চলতি বছর বিশেষ খনি দুর্ঘটনার মধ্যে রয়েছে ইভানহো মাইনসের কাকুলা খনি। প্রতিষ্ঠানটি মে মাসে ভূমিকম্প ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চিলির রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোদেলকোর এল টেনিয়েনটে খনিতে জুলাইয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া ফ্রিপোর্ট-ম্যাকমোরানের গ্রাসবার্গ খনি সেপ্টেম্বরে কাদামাটির ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোচিলকো জানিয়েছে, চিলিতে ২০২৫ সালে তামা উত্তোলন বাড়তে পারে মাত্র দশমিক ১ শতাংশ। এ সময় মোট উৎপাদন দাঁড়াতে পারে ৫৫ লাখ ১০ হাজার টনে। ২০২৬ সালে উত্তোলন ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৬ লাখ টনে পৌঁছতে পারে। ২০২৭ সালে নতুন প্রকল্প চালু হওয়ায় উত্তোলন ৫৯ লাখ টনে পৌঁছবে বলেও জানিয়েছে সংস্থাটি।

কোচিলকোর দেয়া পূর্বাভাসের প্রভাবে গতকাল তামার দাম বেড়েছে। তবে ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা ধাতব পণ্যটির মূল্যবৃদ্ধির ধারাকে সীমিত করে তুলেছে।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল তামার দাম দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এ সময় প্রতি টনের মূল্য পৌঁছেছে ৮৬ হাজার ২৫০ ইউয়ানে (১২ হাজার ১২১ ডলার ৬০ সেন্ট)। এ সময় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসে সরবরাহের চুক্তিতে ধাতব পণ্যটির দাম পৌঁছেছে ১০ হাজার ৭৮৩ ডলারে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৮ শতাংশ বেশি।

এদিকে এসএইচএফইতে অন্যান্য ব্যবহারিক ধাতুর মধ্যে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ১২ শতাংশ বেড়েছে। এ সময় নিকেলের মূল্যবৃদ্ধি হয়েছে দশমিক ২৩ শতাংশ। এছাড়া এলএমইতে গতকাল অ্যালুমিনিয়াম ও দস্তার দাম বেড়েছে যথাক্রমে দশমিক ৬১ ও ৪০ শতাংশ।

আরও