২০২৪-২৫ অর্থবছরে ৭৮৫ কোটি টাকা নিট মুনাফা দেখাল বিমান

জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস দাবি করেছে, ২০২৪-২৫ অর্থবছরে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা আয় হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি।

জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস দাবি করেছে, ২০২৪-২৫ অর্থবছরে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা আয় হয়েছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একই সঙ্গে বিমানের অপারেশনাল মুনাফা হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা এবং নিট মুনাফা ৭৮৫ দশমিক ২১ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো লাভের ধারা অব্যাহত রাখার তথ্য দিয়েছে বিমান।

এদিকে গত আগস্টে বিমান বিদায়ী অর্থবছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের তথ্য দিয়েছিল। সে সময় কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ মুনাফার মাধ্যমে প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে বিমান এক অনন্য রেকর্ড গড়েছে।

গত ৩০ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করা হয়। এজিএমে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন। সভায় পর্ষদ সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের শেয়ারহোল্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিমানের জনসংযোগ দপ্তর থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে ২১টি উড়োজাহাজের মাধ্যমে দেশী-বিদেশী ৩০টি গন্তব্যে সর্বমোট ৩৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১ শতাংশ বেশি। এছাড়া ৪৩ হাজার ৯১৮ টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৪৫ দশমিক ২১ শতাংশ বেশি।

ফ্লাইট পরিচালনার পাশাপাশি দেশের বিমানবন্দরগুলোয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাও দিয়ে থাকে বিমান। ২০২৪-২৫ অর্থবছরে বিদেশী এয়ারলাইনসের ৩১ হাজার ১১২টি ফ্লাইটের যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে উড়োজাহাজ সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বিগত ৫৪ বছরে বিমান সরকারের কাছ থেকে কোনো ধরনের ভর্তুকি গ্রহণ করেনি। ২০২৫ সালের জানুয়ারিতে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়েছে।

দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা এবং বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি বাড়িয়েছে দাবি করে সংস্থাটি বলছে, বিমান আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রশংসনীয় ‘সেফটি রেকর্ড’ বজায় রেখেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন ব্যবস্থাপনা দক্ষ অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কার্যকর সম্পদ বণ্টন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা দৃঢ়করণ এ বছরের রেকর্ড মুনাফায় বড় ভূমিকা রেখেছে।

ভবিষ্যতে নতুন জনপ্রিয় গন্তব্যে রুট সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণের পরিকল্পনার কথা জানিয়েছে বিমান।

আরও