ডিজিটাল লেনদেনের ভিত্তিতে ঋণ পাবেন ৫০ হাজার কৃষক

ব্র্যাক ব্যাংক-আইএফপিআরআইয়ের যৌথ উদ্যোগ, সহায়তায় গেটস ফাউন্ডেশন

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্লাটফর্ম ‘আস্থা’, ‘সাফল্য’ ও ‘জীবিকা’ এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট ও ঋণসেবা চালু করা হবে।

ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে ৫০ হাজার কৃষক ও দেড় হাজার কৃষি উপকরণ বিক্রেতাকে প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআই। ব্যাংকের ইমপ্যাক্ট-ড্রিভেন এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন’-এর আওতায় নেয়া দুই বছর মেয়াদি এ পরীক্ষামূলক কর্মসূচিতে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এর মাধ্যমে কৃষি খাতে ডিজিটাল লেনদেনের প্রসার এবং কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আনুষ্ঠানিক অর্থায়নের সুযোগ তৈরি করা।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্লাটফর্ম ‘আস্থা’, ‘সাফল্য’ ও ‘জীবিকা’ এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট ও ঋণসেবা চালু করা হবে। অন্যদিকে, উদ্যোগটির কার্যকারিতা ও প্রভাব মূল্যায়নে গবেষণা পরিচালনা করবে আইএফপিআরআই। এর মধ্যে দৈবচয়নভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ডিজিটাল সেবা গ্রহণে প্রভাবক, উদ্যোগটির কার্যকারিতা এবং বৃহত্তর পরিসরে তা বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করা হবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইএফপিআরআইয়ের ডিরেক্টর জেনারেল জোহান সোয়িনেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের এএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল উপস্থিত ছিলেন। অন্যদিকে আইএফপিআরআইয়ের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সিনিয়র রিসার্চ ফেলো ড. কেট অ্যাম্বলার, বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মুগ্ধ মহজাব এবং রিসার্চ ফেলো অ্যান্ড প্রজেক্ট লিড ড. মেহরাব বখতিয়ার।

আরও