মার্কিন শুল্ক ও বৈশ্বিক অর্থনীতির মন্থরগতির কারণে চাপে পড়েছে ইউরোপীয় গাড়ি নির্মাতারা। ফলে কোম্পানিগুলো এখন খরচ কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টা করছে। এ চেষ্টা সত্ত্বেও গত মাসে অঞ্চলটির গাড়ি বাজারে দেখা গেছে শ্লথগতি। একই সময়ে মার্কিন ইভি ব্র্যান্ড টেসলা বড়সড় পতনের মুখোমুখি হয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে ইউরোপে সামগ্রিক গাড়ি বিক্রি গত বছরের তুলনায় কমেছে দশমিক ৩ শতাংশ। ইউরোপীয় গাড়ি নির্মাতা সংগঠন এসিইএ বলছে, এ সময় প্রবৃদ্ধির শীর্ষে ছিল বিদ্যুচ্চালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি।
কয়েক মাস ধরে ইউরোপে টেসলার বিক্রি নিম্নমুখী প্রবণতায় রয়েছে। চীনা প্রতিদ্বন্দ্বীদের শক্ত অবস্থান ও ইলোন মাস্কের রাজনৈতিক মতামত ঘিরে ক্রেতাদের একটি অংশ ব্র্যান্ডটি থেকে সরে যাচ্ছে বলে মত বাজারসংশ্লিষ্টদের।
ইউরোপে এপ্রিলে ব্যাটারিচালিত গাড়ির সামগ্রিক বিক্রি ২৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে টেসলার বিক্রি কমেছে ৪৯ শতাংশ। মডেল ওয়াইয়ে কিছু পরিমার্জন আনলেও তা ইউরোপে ব্র্যান্ডটির ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি উন্নত করতে তা খুব একটা কাজে আসছে না।
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক কিছুটা উন্নত হলেও আমদানীকৃত গাড়ির ওপর মার্কিন শুল্ক এখনো বহাল রয়েছে। এর সঙ্গে বৈশ্বিক অর্থনীতির ধীরগতির কারণে গাড়ি শিল্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বলে মত বিশ্লেষকদের।
এসিইএ বলছে, গত এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনভুক্ত (ইএফটিএ) অঞ্চলে গাড়ি বিক্রি কমে দাঁড়িয়েছে ১০ লাখ ৭ হাজার। যেখানে আগের মাসে প্রবৃদ্ধি দেখা গিয়েছিল ২ দশমিক ৮ শতাংশ।
একই সঙ্গে চীনের রাষ্ট্রায়ত্ত গাড়ি কোম্পানি এসএআইসি মোটর ও জাপানের মিৎসুবিশি গাড়ি নিবন্ধন বেড়েছে যথাক্রমে ২৪ দশমিক ৫ শতাংশ ও ২২ দশমিক ১ শতাংশ। অন্যদিকে মাজদার নিবন্ধন কমেছে ২৪ দশমিক ৫ শতাংশ। এছাড়া টানা চার মাস ধরে কমেছে টেসলার বিক্রি। বাজারে কোম্পানিটির হিস্যা কমে দাঁড়িয়েছে দশমিক ৭ শতাংশ, যেখানে এক বছর আগে ছিল ১ দশমিক ৩ শতাংশ।
এসিইএর তথ্যানুযায়ী, শুধু ইউরোপীয় ইউনিয়নে (ব্রিটেন ও ইএফটিএ বাদে) এপ্রিলে গাড়ি বিক্রি আগের বছরের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। এটি টানা চতুর্থ মাসের বিক্রির পতন। তবে একই সময়ে ব্যাটারিচালিত, প্লাগ-ইন হাইব্রিড ও হাইব্রিড ইলেকট্রিক গাড়ির নিবন্ধন বেড়েছে।
ইইউর প্রধান গাড়ি বাজারগুলোর মধ্যে স্পেন ও ইতালিতে গত মাসে বিক্রি বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ১ ও ২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ব্রিটেনে গাড়ি নিবন্ধন কমেছে ১০ দশমিক ৪ শতাংশ।