জুলাই-সেপ্টেম্বর

ভারতীয় পোশাক রফতানি কমেছে ১৪ দশমিক ৮%

বৈশ্বিক চাহিদার দুর্বলতা ও প্রধান রফতানি বাজারগুলোয় ধারাবাহিক বিঘ্নের প্রভাব পড়েছে ভারতীয় পোশাক খাতে।

বৈশ্বিক চাহিদার দুর্বলতা ও প্রধান রফতানি বাজারগুলোয় ধারাবাহিক বিঘ্নের প্রভাব পড়েছে ভারতীয় পোশাক খাতে। দেশটি থেকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পোশাক রফতানি ১৪ দশমিক ৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে খাতসংশ্লিষ্ট সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিআইটিআই)। সেখানে দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ৩৬৩ কোটি ৬০ লাখ ডলার মূল্যের পোশাক রফতানি করেছিল ভারতীয় কারখানাগুলো, যা চলতি বছরে নেমে এসেছে ৩০৯ কোটি ৭০ লাখ ডলারে। খবর দ্য হিন্দু।

গত মাসে ভারতের টেক্সটাইল রফতানি আগের বছরের তুলনায় ১০ দশমিক ৪৫ শতাংশ কমেছে। একই সময় পোশাক রফতানি কমেছে ১০ দশমিক ১৪ শতাংশ। টেক্সটাইল ও পোশাক খাত মিলিয়ে মোট রফতানি সংকোচন হয়েছে ১০ দশমিক ৩৪ শতাংশ।

প্রান্তিকভিত্তিক এ পতনের মধ্যেও এপ্রিল-সেপ্টেম্বর ছয় মাসে সামগ্রিকভাবে পোশাক রফতানি বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। এটি অর্থবছরের প্রথমার্ধে রফতানিতে আংশিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়। এছাড়া টেক্সটাইল ও পোশাক খাত মিলিয়ে রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। তবে টেক্সটাইল খাতে ১ দশমিক ৮৫ শতাংশ পতন দেখা যাচ্ছে।

গত মাসে ভারতের সামগ্রিক পণ্য রফতানি ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ৬ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। এর অর্থ হলো সামগ্রিক রফতানির তুলনায় বিশেষ চাপের মুখে রয়েছে দেশটির টেক্সটাইল ও পোশাক খাত।

সিআইটিআই বলছে, সেপ্টেম্বরে কটন ও হ্যান্ডলুম পণ্যের রফতানি কমেছে ১১ দশমিক ৬৬ শতাংশ। হস্তশিল্প পণ্যের রফতানি সংকোচন হয়েছে ১৮ দশমিক ২ শতাংশ। তবে একই সময়ে তুলার কাঁচামাল ও বর্জ্যের আমদানি ২৩ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে, যা ভারতের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

সম্প্রতি শুল্কবিবাদের আবহে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এতে পোশাকের মতো খাতে গড় শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

গত মাসে ভারতের মোট রফতানিতে টেক্সটাইল ও পোশাক খাতের অংশীদারত্ব নেমে এসেছে ৭ দশমিক ২১ শতাংশে, যা এক বছর আগে ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।

আরও