ইউরোপে গত মাসে নতুন গাড়ি বিক্রি ৫ শতাংশের বেশি কমেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ)। খাতসংশ্লিষ্টরা বলছেন, এ পতন বৈশ্বিক অটোমোবাইল শিল্পে বিরাজমান গভীর সংকটের প্রতিফলন। কারণ অটো খাতের নির্মাতারা এখন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। খবর রয়টার্স।
সামগ্রিক হিসাবে বিশ্বজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি বাড়ছে। এর মধ্যেও টানা ছয় মাস ধরে ইউরোপীয় বাজারে মার্কিন কোম্পানি টেসলা হিস্যা হারাচ্ছে। এছাড়া ২০২৪ সালের জুনের তুলনায় গত মাসে ইউরোপের শীর্ষ চার গাড়ি নির্মাতা ফক্সওয়াগন, স্টেলান্টিস, রেনোঁ ও হুন্দাইয়ের বিক্রি কমেছে।
ইউরোপের গাড়ি শিল্প নিয়ে বিশ্লেষকরা তিনটি বড় চ্যালেঞ্জ শনাক্ত করেছেন। এগুলো হলো চীনা প্রতিদ্বন্দ্বীদের বাজার দখলে আগ্রাসী মনোভাব, ডোনাল্ড ট্রাম্প আরোপিত ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ইভিতে রূপান্তরের ক্ষেত্রে ইউরোপের অভ্যন্তরীণ নীতিমালা। এ তিন কারণে ইউরোপীয় গাড়ি নির্মাতারা বিলিয়ন বিলিয়ন ডলার লোকসানের শিকার হচ্ছেন বলে মনে করা হচ্ছে। আবার এ কারণগুলোকেই সামনে এনে এসব নির্মামাতাদের মুনাফার পূর্বাভাস কমানো হচ্ছে।
এসিইএ প্রকাশিত তথ্যে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনভুক্ত দেশগুলোয় আগের বছরের তুলনায় গত মাসে গাড়ি বিক্রি ৫ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ইউনিট।
এর মধ্যে ফক্সওয়াগনের নিবন্ধন কমেছে ৬ দশমিক ১ শতাংশ, স্টেলান্টিস ১২ দশমিক ৩, রেনোঁ দশমিক ৬ ও হুন্দাইয়ের ৮ দশমিক ৭ শতাংশ। টেসলার গাড়ি বিক্রি কমেছে ২২ দশমিক ৯ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা এক বছরে ৩ দশমিক ৪ শতাংশ থেকে সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশ।
এসিইএর পরিসংখ্যানের বাইরে থাকা ব্র্যান্ডগুলোর মধ্যে চীনের বিওয়াইডি ও অন্য নির্মাতাদের বাজার হিস্যা এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে।
বার্ষিক ভিত্তিতে ইইউ অঞ্চলে জুনে গাড়ি বিক্রি ৭ দশমিক ৩ শতাংশ কমলেও বিইভি, এইচইভি ও পিএইচইভি গাড়ির নিবন্ধন বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৮ শতাংশ, ৪১ দশমিক ৬ ও ৬ দশমিক ১ শতাংশ। এ তিন ধরনের ইভি ইউরোপীয় ইউনিয়নের যাত্রীবাহী গাড়ি নিবন্ধনের ৫৯ দশমিক ৮ শতাংশ দখল করেছে, যা এক বছর আগেও ছিল মাত্র ৫০ শতাংশ।
জার্মানি, ফ্রান্স ও ইতালিতে গাড়ি বিক্রি যথাক্রমে ১৩ দশমিক ৮ শতাংশ, ৬ দশমিক ৭ ও ১৭ দশমিক ৪ শতাংশ কমেছে। এর বিপরীতে যুক্তরাজ্যে বিক্রি বেড়েছে ৬ দশমিক ৭ এবং স্পেনে ১৫ দশমিক ২ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, এসব পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে ইউরোপীয় গাড়ি শিল্প গভীর রূপান্তরের ভেতর দিয়ে যাচ্ছে। যার একদিকে রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা, অন্যদিকে অভ্যন্তরীণ নীতিনির্ধারণ। এ দুটি প্রভাবকের সম্মিলিত চাপে নির্মাতারা নতুন করে টিকে থাকার লড়াইয়ে নেমেছে।