জেড ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার বিদ্যমান ‘‌বি’ ক্যাটাগরি থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে।

বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার বিদ্যমান ‘‌বি’ ক্যাটাগরি থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। টানা দুই বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার কারণে গতকাল থেকে কোম্পানিটির ক্যাটাগরি অবনমন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে ন্যাশনাল ফিড মিল বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটি সর্বশেষ ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০২০-২১ হিসাব বছরে ১ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তাছাড়া ২০১৯-২০ হিসাব বছরে ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ স্টক এবং ২০১৮-১৯ হিসাব বছরে ১ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। ২০১৭-১৮ হিসাব বছরে ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ডিএসইতে গতকাল ন্যাশনাল ফিড মিলের শেয়ার সর্বশেষ ৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৬০ থেকে ২০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আরও