সুবিধাবঞ্চিত শিশুদের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে খুলনা ও রাজশাহীতে ইউসেপ বাংলাদেশ পরিচালিত দুটি কারিগরি স্কুলের পরিচালন ব্যয় এবং বৃত্তিমূলক শিক্ষার সম্পূর্ণ খরচ বহন করবে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ইউসেপের সঙ্গে এক বছরের জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত এমওইউ স্বাক্ষরিত হয়। এ সময় প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জিয়াউর রহমান এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস) প্রকৌশলী মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
ব্যাংকের এএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান বলেন, ‘কারিগরি শিক্ষায় বিনিয়োগ মানে দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য বিনিয়োগ, যা টেকসই ব্যাংকিং লক্ষ্য ও জনকল্যাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি সিএসআর, দারিদ্র্য বিমোচন এবং একটি আধুনিক বাংলাদেশের জন্য দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার প্রতি প্রাইম ব্যাংকের অঙ্গীকার।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে জাতীয় দক্ষতা উন্নয়ন, লিঙ্গসমতা এবং টেকসই যুব ক্ষমতায়নে অবদান রাখতে চায় প্রতিষ্ঠান দুটি। এর আওতায় খুলনা ও রাজশাহীর শত শত শিক্ষার্থীর জন্য দক্ষতা অর্জন, শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।