যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বাড়ায় আন্তর্জাতিক বাজারে এর দাম কমেছে। তাছাড়া শুল্ক নিয়ে সাম্প্রতিক উদ্বেগও মূল্যহ্রাসের পেছনে ভূমিকা রেখেছ। তবে ডিজেল-পেট্রলের মতো পরিশোধিত জ্বালানি পণ্যের বিক্রি থেকে মুনাফা বাড়ায় বড় ধরনের দরপতন এড়ানো গেছে। খবর রয়টার্স।
গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ২৫ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৬ ডলারে ৭৫ সেন্ট। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ২৮ সেন্ট বা দশমিক ৪ শতাংশ কমে ৭৩ ডলার শূন্য ৪ সেন্টে নেমেছে। এর আগে টানা তিনদিন জ্বালানি তেলের দাম বাড়ে। বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী ও ভোক্তা যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে ৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে জ্বালানি পণ্যটির মজুদ ৯৪ লাখ ব্যারেল বেড়েছে।
এপিআইয়ের প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের মজুদ ২৫ লাখ ১০ হাজার ব্যারেল কমেছে এবং ডিসটিলেট জ্বালানির মজুদ কমেছে ৫ লাখ ৯০ হাজার ব্যারেল।