জাপানে ৪০ শতাংশ বেতন বাড়াচ্ছে ইউনিক্লো

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যেন কর্মীরা মানিয়ে নিতে পারেন, তাই বেতন বাড়াচ্ছে জাপানের ফ্যাশন চেইন ইউনিক্লো।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যেন কর্মীরা মানিয়ে নিতে পারেন, তাই বেতন বাড়াচ্ছে জাপানের ফ্যাশন চেইন ইউনিক্লো। কোম্পানিটির মালিকপক্ষ জানিয়েছে, জাপানে কর্মরত কর্মীদের বেতন বাড়ানো হবে ৪০ শতাংশ। সদর দপ্তর ও জাপানের বিভিন্ন স্টোরে কর্মরত স্থায়ী কর্মীরা আগামী মার্চ থেকে বর্ধিত হারে মজুরি পাবেন। খবর বিবিসি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানির উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি হয়েছে। গত দশকের মধ্যে সর্বোচ্চে রয়েছে মূলস্ফীতি। এর পরেও দেশটির বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর বেতন কাঠামোয় কোনো পরিবর্তন আসেনি। এ অবস্থায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের বেতন বাড়াতে কোম্পানি মালিকদের গত সপ্তাহে অনুরোধ করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সে সময় তিনি বলেন, যদি মূল্যস্ফীতির সঙ্গে মজুরি কাঠামোয় পরিবর্তন না আনা হয় তাহলে তা স্ট্যাগফ্লেশনের (নিশ্চলতাস্থিতি) পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর পরই ইউনিক্লো বেতন বৃদ্ধির ঘোষণা দিল।

এ ঘোষণার ব্যাখ্যায় ইউনিক্লো বলছে, প্রতিটি কর্মীকে তার মেধা ও যোগ্যতা অনুযায়ী যথাযথভাবে মূল্যায়ন করতে চায় ইউনিক্লো। পাশাপাশি বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিও অর্জন করতে চায়। বিশেষ করে জাপানে, যেখানে মজুরির পরিমাণ এখনো তুলনামূলক কম। সেখানে ধীরে ধীরে মজুরির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী বেতন কাঠামোর জন্য নতুন নীতি গঠন করা হয়েছে। সে অনুযায়ী, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা স্নাতকদের বেতন ২ লাখ ৫৫ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩ লাখ ইয়েন করা হচ্ছে। এক্ষেত্রে বেতন বাড়ছে প্রায় ১৮ শতাংশ। একই সঙ্গে যারা স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত এবং যাদের চাকরির বয়স দুই বছর হয়েছে তাদের বেতন বাড়বে প্রায় ৩৫ শতাংশ। তবে এসব হবে স্থায়ী কর্মীদের জন্য। আর যারা ঘণ্টাভিত্তিক কাজ করেন তাদের মজুরি গত বছরের সেপ্টেম্বরেই এক দফা বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী কিশিদা যে স্ট্যাগফ্লেশনের বিষয়ে সতর্ক করেছেন সেটি হলো এমন পরিস্থিতি, যখন অর্থনীতির আকার বাড়ে না, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত থাকে। অর্থনীতিবিদদের ভাষায়, অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির সংমিশ্রণে তৈরি হয় স্ট্যাগফ্লেশন। যাকে ভোক্তামূল্য বাড়ার পাশাপাশি উচ্চ বেকারত্ব দিয়ে চিহ্নিত করা হয়।

নভেম্বরে প্রকাশিত জাপানের সরকারি তথ্য বলছে, সে সময় বছরে প্রথমবারের মতো জাপানের অর্থনীতি অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে। এক গবেষণায় দেখা গেছে, গত বছর তিন-চতুর্থাংশের বেশি কোম্পানি বেতন বাড়িয়েছিল।

আরও