ইতালির স্বর্ণের রিজার্ভকে ‘জনসম্পত্তি’ ঘোষণার চাপ বাড়ছে

ইতালির স্বর্ণের রিজার্ভকে জনগণের সম্পত্তি হিসেবে ঘোষণার জন্য জোরালো চাপ দিচ্ছেন ইতালির ক্ষমতাসীন ডানপন্থী জোটের সংসদ সদস্যরা।

ইতালির স্বর্ণের রিজার্ভকে জনগণের সম্পত্তি হিসেবে ঘোষণার জন্য জোরালো চাপ দিচ্ছেন ইতালির ক্ষমতাসীন ডানপন্থী জোটের সংসদ সদস্যরা। তবে সমালোচকরা বলছেন, এমন পদক্ষেপ স্বর্ণ বিক্রির সরকারি সিদ্ধান্তের পথ সুগম করতে পারে। খবর এফটি।

ব্যাংক অব ইতালির তথ্যানুসারে, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণের রিজার্ভ রয়েছে দেশটিতে, যার পরিমাণ প্রায় ২ হাজার ৪৫২ টন। স্বর্ণের দামের সাম্প্রতিক উল্লম্ফন অনুসারে, এ মজুদের বর্তমান বাজারমূল্য প্রায় ২৮ হাজার ৫০০ কোটি ইউরো। স্বর্ণের মজুদে ইতালির আগে থাকা দুটি দেশ হলো যুক্তরাষ্ট্র ও জার্মানি।

বৈদেশিক মুদ্রা রিজার্ভের অংশ হিসেবে দেশটির মজুদকৃত স্বর্ণের মালিক কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতিনির্ধারক সংস্থাটি বলেছে, ইতালির আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও ইউরোর স্থিতিশীলতার প্রতি আস্থা বাড়ায় স্বর্ণের এ মজুদ। ব্যাংক অব ইতালি যাতে তার সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, তার সুরক্ষা কবচ হিসেবে কাজ করে এসব স্বর্ণ।

কিন্তু দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি দলের সংসদ সদস্যরা আসন্ন বাজেট বিলে একটি ধারা যোগ করার চেষ্টা করছেন। যেখানে বলা হবে, ব্যাংক অব ইতালির মাধ্যমে পরিচালিত ও ধারণকৃত স্বর্ণ রিজার্ভের মালিক ইতালির জনগণ।

দলীয় চিফ হুইপ সেনেটর লুসিও মালান বলেছেন, ‘আমরা স্পষ্ট করতে চাই, স্বর্ণ আমাদের জনগণের শ্রমের ফল। এ স্বর্ণ সবসময় ইতালির জনগণের সম্পত্তি ছিল।’

এক দশক আগে ব্যাংক অব ইতালির কাঠামো পুনর্গঠন করা হয়। ওই সময় স্বর্ণের মালিকানাকে কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে সামনে আনে ডানপন্থী দলগুলো। ওই কাঠামোর ফলে প্রাইভেট ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় ব্যাংকের নামমাত্র শেয়ারহোল্ডার হয়। সেই পরিবর্তনের পর ব্রাদার্স অব ইতালি একাধিকবার ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ রাষ্ট্রের সম্পত্তি’, এমন একটি আইন প্রণয়নের চেষ্টা করে। কিন্তু সে প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।

জর্জিয়া মেলোনি ২০১৪ সালে সংসদে দেয়া এক ভাষণে স্বর্ণের রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকাকে জনগণের ‘মুদ্রানীতি সার্বভৌমত্বের দখল’ হিসেবে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কোনো পরিস্থিতিতেই ইতালির স্বর্ণ কেন্দ্রীয় ব্যাংকের নতুন মালিকদের স্পর্শ করা উচিত নয়।’

২০১৯ সালে চরম ডানপন্থী লীগ পার্টি কেন্দ্রীয় ব্যাংককে দেশের স্বর্ণের রক্ষক হিসেবে রূপান্তরের প্রস্তাব দেয়। তখন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) সতর্ক করে বলে, স্বর্ণকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যালান্স শিট থেকে রাষ্ট্রের কাছে স্থানান্তর করা হলে মুদ্রা অর্থায়নে আরোপিত কঠোর নিষেধাজ্ঞা স্থানীয় আইনের বলে এড়ানো যাবে। এটি ইউরোপীয় ইউনিয়নের চুক্তির লঙ্ঘন। সাম্প্রতিক জোরালো দাবি প্রসঙ্গে গতকাল ইসিবি বলেছে, ইতালির খসড়া সংশোধনী নিয়ে পর্যালোচনা চলছে।

ইতালির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক সালভাতোরে রোসি গত মাসে সংবাদপত্রে লেখেন, ‘জনসাধারণের আর্থিক চাপ কমাতে স্বর্ণের রিজার্ভ কমানো মানে বিশ্বের কাছে বলা, আমাদের আর অন্য উপায় নেই, তাই আমাদের স্বর্ণ বিক্রি করতে হবে।’

তবে চিফ হুইপ লুসিও মালান জানান, স্বর্ণ বিক্রি বা পুনঃসংরক্ষণের কোনো পরিকল্পনা করছে না সরকার। বর্তমানে প্রায় অর্ধেক স্বর্ণ যুক্তরাষ্ট্রে সংরক্ষিত। বরং স্বর্ণের গণমালিকানা স্পষ্টভাবে স্বীকৃতি দেয়ার বিষয়টি একটি নীতিগত প্রশ্ন।

তিনি বলেন, ‘ইতালিতে, প্রতিটি স্থাবর সম্পত্তি, প্রতিটি গাড়ি, প্রতিটি নৌকার মালিকানা নথিভুক্ত থাকে। প্রায় ৩০ হাজার কোটি ইউরো মূল্যের একটি সম্পদ নিয়ে কি তাই হওয়া উচিত নয়?’

আরও