বহুজাতিক জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি বিপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় ভুক্তভোগীদের একটি পক্ষ। অভিযোগে বলা হচ্ছে, ইসরায়েলের ব্যবহৃত অপরিশোধিত জ্বালানি তেলের একটি বড় অংশ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করে কোম্পানিটি। খবর দ্য গার্ডিয়ান।
এরই মধ্যে বিপি বরাবর ‘লেটার বিফোর ক্লেইম’ পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার সম্পর্কিত নিজেদের অঙ্গীকার লঙ্ঘন করছে বিপি।
ব্রিটিশ কোম্পানিটির মালিকানাধীন ও পরিচালিত বাকু-টিবিলিসি-সেহান পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে আজারবাইজান। পাইপলাইনটি আজারবাইজান, জর্জিয়া ও তুরস্কের মধ্য দিয়ে পরিচালিত হয়। এরপর জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়, যা ইসরায়েলে ব্যবহৃত অপরিশোধিত জ্বালানি তেলের ২৮ শতাংশ।
এ সরবরাহ ইসরায়েলের সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক উড়োজাহাজের জন্য জেট ফুয়েল তৈরি হয় এমন একটি পরিশোধনাগারে পাঠানো হয় পাইপলাইনের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি তেল। এসব উড়োজাহাজ গাজায় গোলাবারুদ ফেলতে ব্যবহৃত হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, ফাইটার জেট, ট্যাংক ও অন্যান্য সামরিক যানবাহন চালানোর জন্য অপরিশোধিত জ্বালানি তেল এবং প্রক্রিয়াজাত পেট্রোলিয়াম আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইসরায়েল। পাশাপাশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনি বাড়ি ও জলপাই বাগান ধ্বংস করতে ব্যবহৃত বুলডোজারেও এ জ্বালানির ভূমিকা রয়েছে। কিছু জ্বালানি তেল সরাসরি সশস্ত্র বাহিনীর কাছে যায়। একটি অংশ সাধারণ গ্যাস স্টেশনে যায়, যেখানে সামরিক কর্মীরাও নিজেদের যানবাহনের জন্য জ্বালানি কিনে থাকে।
চিঠিতে দাবি করা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার ও ব্যবসাসংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন করেছে বিপি, যা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধে সহায়তাবিষয়ক নিষেধাজ্ঞার লঙ্ঘন। বিপির নীতিমালার অধীনেও মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা না রাখার বাধ্যবাধকতা রয়েছে।
আইনি সংস্থা বিন্ডম্যানসের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধান ও ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টাইনসের পরিচালক তায়াব আলী বলেছেন, ‘আইনি পদক্ষেপটি যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধে সহায়তার জন্য দায় নেয়ার একটি নতুন ধাপ চিহ্নিত করে। বিপির বিরুদ্ধে থাকা প্রমাণ তাদের নিজস্ব মানবাধিকার নীতিমালা ও আন্তর্জাতিক আইন মানতে ব্যর্থতার স্পষ্ট উদাহরণ।’
তিনি জানান, ‘গাজায় সামরিক অভিযানের জন্য জ্বালানি সরবরাহের মাধ্যমে বিপি ওই অঞ্চলে মানবিক বিপর্যয়ে অবদান রেখেছে। আমাদের মক্কেলরা তাদের ভোগান্তি ও ক্ষতির জন্য ন্যায়বিচার চান এবং বিপিকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে অবিলম্বে এর সম্পৃক্ততা বন্ধ করার আহ্বান জানান।’
অভিযোগকারীদের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্যক্তি, যারা যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর মধ্যে রয়েছেন একজন ব্রিটিশ নাগরিক, যিনি ইসরায়েলি বিমান হামলায় পরিবারের ১৬ সদস্যকে হারিয়েছেন। তবে বিষয়টি নিয়ে বিপি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
বিপিকে দেয়া আইনি চিঠিতে ইসরায়েলে অবিলম্বে জ্বালানি তেল সরবরাহ বন্ধ এবং এ বিষয়ে সব ধরনের নথি, চুক্তি ও ঝুঁকি মূল্যায়নের প্রতিবেদন প্রকাশ্যে আনার দাবি তোলা হয়েছে।