১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের সুদ আয় বেড়েছে প্রায় ১৭%

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সুদ আয় বেড়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সুদ আয় বেড়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের সুদ আয় হয়েছে ১৯৮ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৬৯ কোটি টাকা। আলোচ্য প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫ কোটি ৬১ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৭ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৯ দশমিক ৫০ শতাংশ।

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৪ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ডিবিএইচ ফাইন্যান্সের পর্ষদ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৯৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৫ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ মে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩ টাকা ৬৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ৩৭ টাকা ১৫ পয়সায়।

২০০৮ সালে পুঁজিবাজারে আসা ডিবিএইচ ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৮ কোটি ৮৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ৪৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ১৭১। এর মধ্যে ৫১ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ৪৭, বিদেশী বিনিয়োগকারী ৩ দশমিক ৭৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৭ দশমিক ৪৮ শতাংশ শেয়ার রয়েছে।

আরও