চিলির কোদেলকোয় কমতে পারে তামা উৎপাদন

বিশ্বের সর্ববৃহৎ তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোদেলকোয় চলতি বছর তামা উৎপাদন কমতে পারে।

বিশ্বের সর্ববৃহৎ তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোদেলকোয় চলতি বছর তামা উৎপাদন কমতে পারে। চিলির রাষ্ট্রায়ত্ত এ খনি কোম্পানিটি জানিয়েছে, প্রধান খনি এল টেনিয়েন্তেতে টানেল ধসে পড়ার ঘটনার পর উৎপাদন ও সম্প্রসারণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ২০২৫ সালে এখানে মোট তামা উৎপাদন হতে পারে ১৩ লাখ ৪০ হাজার থেকে ১৩ লাখ ৭০ হাজার টন। এর আগে মার্চে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৩ লাখ ৭০ হাজার থেকে ১৪ লাখ টন।

গত ৩১ জুলাই এল টেনিয়েন্তে খনিতে হঠাৎ টানেল ধসে ছয়জন শ্রমিক মারা যান। এ ধসের প্রভাব ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের সমান। এ ঘটনায় খনন ও পরিশোধন কার্যক্রম কয়েক দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। এতে প্রায় ৩৩ হাজার টন তামা উৎপাদন ব্যাহত হয়, যার আর্থিক ক্ষতি দাঁড়ায় ৩৪ কোটি ডলার।

কোম্পানির সিইও রুবেন আলভারাদো বলেন, ‘আমরা নিরাপদ ও ধাপে ধাপে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনায় কাজ করছি। খনির ১২টি বিভাগের মধ্যে অর্ধেক এরই মধ্যে খুলে দেয়া হয়েছে। তবে সম্প্রসারণ পরিকল্পনার কয়েকটি অংশ পুনর্বিবেচনার প্রয়োজন হবে।

কোদেলকোর গত বছর তামা উত্তোলন ২৫ বছরের সর্বনিম্নে নেমে গিয়েছিল। পুরনো খনি, নতুন প্রকল্প চালু হওয়া নিয়ে বিলম্ব ও দুর্ঘটনার কারণে প্রতিষ্ঠানটি ক্রমেই চাপে পড়ছে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, জানুয়ারি-জুন পর্যন্ত নিজস্ব খনি থেকে মোট তামা উত্তোলনের পরিমাণ ছিল ৬ লাখ ৩৪ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। কোদেলকোর অংশীদারত্বে থাকা এল আবরা, অ্যাংলো আমেরিকান সুর ও কুয়েব্রাদা ব্লাঙ্কা খনিগুলো মিলিয়ে মোট উত্তোলন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯ হাজার টন। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি।

আরও