মার্কিন শুল্কনীতি ও বাণিজ্য সংঘাতের কারণে তামার চাহিদা কমার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে গতকাল লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ধাতব পণ্যটির দাম কিছুটা কমেছে। যদিও ডলারের নিম্নমুখী বিনিময় হার এ দরপতনকে কিছুটা নিয়ন্ত্রণে রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম কমেছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৯ হাজার ৫১৭ ডলার ৫০ সেন্টে। অন্যদিকে এ সময় সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে (এসএইচএফই) তামার দাম ১ শতাংশ কমে টনপ্রতি ৭৭ হাজার ৭১০ ইউয়ানে (১০ হাজার ৭২১ ডলার ৫৮ সেন্ট) স্থির হয়েছে।
স্টোনএক্সের সিনিয়র মেটাল অ্যানালিস্ট নাটালি স্কট-গ্রে বলেন, ‘দীর্ঘমেয়াদে বাণিজ্য রুট পরিবর্তন ও যেকোনো পাল্টা শুল্ক আরোপ অর্থনীতি ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি করতে পারে, যার প্রভাব পড়বে তামা শিল্পে।’
তিনি জানান, বর্তমানে চীনের অর্থনৈতিক অবস্থা পূর্ববর্তী শুল্ক সংকটের সময়ের তুলনায় আরো অনিশ্চিত।
উল্লেখ্য চীন বিশ্বব্যাপী মোট তামার সরবরাহের অর্ধেকের বেশি ব্যবহার করে।