উচ্চমানের আকরিক লোহার চাহিদা ও বিশ্ববাজারে নিম্নমুখী দামের কারণে চলতি বছরে ভারতে ধাতব পণ্যটির আমদানি ছয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্লেষক ও বাণিজ্য কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারি-অক্টোবর সময়ে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির আমদানি দ্বিগুণের বেশি বেড়ে এক কোটি টন ছাড়িয়েছে। যুক্তরাজ্যভিত্তিক কমোডিটি রিসার্চ ইউনিটের (সিআরইউ) জ্যেষ্ঠ বিশ্লেষক ললিত লাদকাট রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
জানুয়ারি-অক্টোবর সময়ে দেশটির সবচেয়ে বড় ইস্পাত উৎপাদনকারী কোম্পানি জেএসডব্লিউ স্টিল বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি আকরিক লোহা কিনেছে। ললিত লাদকাট বলেন, ‘২০২৫ সালে ভারতে আকরিক লোহার চাহিদা উত্তোলনের চেয়ে বেশি ছিল। এর পেছনে বড় কারণ হলো খনি থেকে উচ্চমানের আকরিক সরবরাহ নিয়ে উদ্বেগ। নিলাম হওয়া অনেক খনিতে উত্তোলন দেরি হওয়ায় সরবরাহে ধীরগতি দেখা দেয়।’
কম দামের কারণে উপকূলীয় অঞ্চলের ইস্পাত কারখানাগুলো বিদেশ থেকে আকরিক লোহা আনা সাশ্রয়ী মনে করছে। বিশ্লেষকদের মতে, ভারত মূলত ব্রাজিল, ওমান ও অস্ট্রেলিয়া থেকে ধাতুটি আমদানি করছে।
ব্রাজিলের খনি কোম্পানি ভালে জানিয়েছে, ভারতের বাড়তি চাহিদা মেটাতে তারা সরবরাহ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।