ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য উদীয়মান ডিজিটাল প্রযুক্তি বিষয়ে গবেষণা, নীতিগত সংলাপ, প্রশিক্ষণ ও জনসম্পৃক্ততা জোরদারে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে ।
সম্প্রতি এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এবং বিআইজিএফের পক্ষে মোহাম্মদ আবদুল হক সমঝোতা স্মারকে সই করেন।
চুক্তির আওতায় গবেষণা, নীতিগত অ্যাডভোকেসি, জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ, জনসচেতনতামূলক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারনেট ও এআই গভর্ন্যান্স-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এ সমঝোতা শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য ইন্টারনেট গভর্ন্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল নীতিবিষয়ক আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।
বিআইজিএফের প্রতিনিধিরা অন্তর্ভুক্তিমূলক, অধিকারভিত্তিক ও টেকসই ডিজিটাল শাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়, সরকার, বেসরকারি খাত, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূঁইয়া, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, সহযোগী ডিন ড. ফারিয়া সুলতানা, বিভাগের শিক্ষক এবং বিআইজিএফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।