ইউক্রেনে ২০২৬ সালের ফসলের জন্য শীতকালীন শস্য বপন শুরু হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কৃষকরা ২ লাখ ৫২ হাজার ৪০০ হেক্টর জমিতে বপন সম্পন্ন করেছেন, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ৫ দশমিক ১ শতাংশ। খবর হেলেনিক শিপিং নিউজ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে শীতকালীন শস্যের জমির পরিমাণ বাড়িয়ে ৫৪ লাখ ৩০ হাজার হেক্টরে নেয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের বপন এলাকার পরিমাণ ৫২ লাখ ৪০ হাজার হেক্টর। এর মধ্যে শীতকালীন গমের জমি ২০২৫ সালের ৪৫ লাখ হেক্টর থেকে বাড়িয়ে ২০২৬ সালে প্রায় ৪৭ লাখ ৮০ হাজার হেক্টরে পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে আবহাওয়াজনিত প্রতিকূলতার কারণে ইউক্রেনের শস্য উৎপাদন ২০২৫-২৬ বিপণন বর্ষে (জুলাই-জুন) কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউক্রেনিয়ান এগ্রো কাউন্সিল (ইউএসি)। এক্ষেত্রে খরা ও অন্যান্য প্রাকৃতিক কারণ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলছে।
ইউএসি জানিয়েছে, চলতি বিপণন বর্ষে শস্য উৎপাদন নেমে আসতে পারে ৫ কোটি ১০ লাখ থেকে ৫ কোটি ২০ লাখ টনে। গত বিপণন বর্ষে এ পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ৫০ লাখ টন। এর মধ্যে গম উৎপাদন কমে দাঁড়াতে পারে ২ কোটি ১০ লাখ টনে, যা আগের বিপণন বর্ষের ২ কোটি ২০ লাখ টনের তুলনায় কম।