বাংলাদেশে জাপানি পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী, ইউনিমার্ট পরিদর্শনে জাপানের কৃষিমন্ত্রী

বাংলাদেশে জাপানি পণ্যের বাজারজাতকরণ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে রাজধানীর প্রিমিয়াম সুপারশপ ‘ইউনিমার্ট’ পরিদর্শন করেছে জাপানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী সুজুকি নোরিকাজু।

পরিদর্শনকালে জাপানি প্রতিনিধি দল ইউনিমার্টের পণ্যের বৈচিত্র্য ও আন্তর্জাতিক মানের বিপণন ব্যবস্থার প্রশংসা করেন। বাংলাদেশে ‘মেড ইন জাপান’ পণ্যের উপস্থিতি আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জাপানের কৃষিমন্ত্রী। তিনি জানান, উচ্চমানের কৃষি ও খাদ্যপণ্য এবং জাপানি কনজিউমার গুডস বা ভোক্তা পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের বাজার অত্যন্ত সম্ভাবনাময়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি শুল্ক সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। জাপানি মন্ত্রী এ বিষয়ে দুই দেশের নীতিনির্ধারণী পর্যায়ে আরো কার্যকর সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের ফলে বাংলাদেশে জাপানি পণ্যের প্রাপ্যতা যেমন বাড়বে, তেমনি খুচরা ও আন্তঃসীমান্ত বাণিজ্যে দুই দেশের অংশীদারত্ব আরো সুদৃঢ় হবে।

ইউনিমার্ট পরিদর্শনের সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউনাইটেড গ্রুপের পরিচালক শারফুদ্দিন আকতার রশিদ, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান ও প্রধান পরিচালন কর্মকর্তা শাহিন মাহমুদ। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জাপানের মন্ত্রীর এ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে খাদ্য আমদানি এবং খুচরা বাণিজ্য খাতে নতুন দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফর বাংলাদেশ ও জাপানের মধ্যে খাদ্য আমদানি, খুচরা বাণিজ্য অংশীদারত্ব ও আন্তঃসীমান্ত বাণিজ্য উন্নয়নে সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ বাংলাদেশের ভোক্তাদের জন্য আরো বেশি জাপানি পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করার পথ সুগম করতে পারে।

-বিজ্ঞপ্তি

আরও