দেশে প্রযুক্তিগতভাবে স্টিল বিল্ডিংয়ের অনেক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের স্টিল বিল্ডিংয়ে যে নির্মাণশৈলী ও বৈচিত্র্য তা খুবই ইনক্লুসিভ। তবে এ ক্ষেত্রে একটাই সমস্যা, সেটা অগ্নিকাণ্ড। কিন্তু বর্তমানে আগুন প্রতিরোধের জন্য অনেক নিয়ামক রয়েছে। এখন বিভিন্ন মেটেরিয়াল আছে, যেগুলো দিয়ে সহজেই অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি।’ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় গতকাল তিন দিনব্যাপী মেটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্টিলমার্ক বিল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজওয়ানুল মামুন।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দেশের উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা প্রায় দুই মিলিয়ন টন। যদি এক মিলিয়ন টন ব্যবহার করা হয়, সেটাকে ২০০ টাকা করে কেজি ধরলেও প্রায় ২০ হাজার কোটি টাকা হয়। এর মধ্যে ১৫-১৬ হাজার কোটি টাকার কাঁচামাল আমদানি করা হয়।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এ খাতে ৩-৪ হাজার কোটি টাকার প্রকৃত ব্যবসা করেন উদ্যোক্তারা। এ ব্যবসার জন্য সবাই প্রতিযোগিতা করেন। কিন্তু কাঁচামাল কেন নিজেরা তৈরি করি না?’