আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরো ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে কানাডাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিআইবিসি ক্যাপিটাল মার্কেটস। প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্বর্ণের গড় দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ দামের তুলনায় আরো ৩ শতাংশ বেশি। খবর মাইনিং ডট কম।
সিআইবিসির বিশ্লেষণ বলছে, বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আরো বাড়িয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষক আনিতা সোনির নেতৃত্বে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্য ও রাশিয়াকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা এবং ডি-ডলারাইজেশন স্বর্ণের চাহিদাকে বাড়িয়ে তুলেছে।’
বিশ্ববাজারে স্বর্ণের দাম চলতি বছরের এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এর পেছনে অন্যতম ভূমিকা রেখেছে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা, সুদহার হ্রাসের প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয়। চলতি বছরের এপ্রিলেই মূল্যবান দাতুটির দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৩ হাজার ৫০০ ডলারে পৌঁছয়। এরই ধারাবাহিকতায় এ মূল্যস্তর ছাড়িয়ে আউন্সপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি।