বিপিডিবির ১২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বিল সংগ্রহে ব্র্যাক ব্যাংক

চুক্তি অনুযায়ী, বিপিডিবির গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ও করপোরেট ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে বিল দিতে পারবেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রায় ১২ লাখ পোস্টপেইড গ্রাহকের বিদ্যুৎ বিল সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় বিপিডিবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির সব শাখা-উপশাখার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ব্যবহার করে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী, বিপিডিবির গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ ও করপোরেট ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে বিল দিতে পারবেন। বিল পরিশোধের তথ্য তাৎক্ষণিকভাবে হালনাগাদ করতে বিপিডিবির সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) সংযোগ স্থাপন করবে ব্যাংকটি। এতে বিল পরিশোধ ও হিসাব সমন্বয়ের প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে বিপিডিবির কেন্দ্রীয় হিসাব পরিচালনার দায়িত্বও পেয়েছে ব্র্যাক ব্যাংক।

অনুষ্ঠানে বিপিডিবির ফাইন্যান্স মেম্বার (যুগ্মসচিব) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘গ্রাহককেন্দ্রিক সেবা, নিয়মনীতি পরিপালন, সুশাসন ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ব্র্যাক ব্যাংক সুনাম অর্জন করেছে।’ অনলাইনে বিল সংগ্রহের অংশীদার হিসেবে ব্যাংকটিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ যৌথ উদ্যোগ গ্রাহকদের বিল পরিশোধ আরো সহজ করবে।

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিং ও পেমেন্ট সেবা সহজলভ্য করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ এ উদ্যোগ। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা কাজে লাগিয়ে বিপিডিবির গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে চায় ব্যাংকটি।’ নিরবচ্ছিন্ন পেমেন্ট সেবা দিতে ভবিষ্যতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের অংশীদারত্ব আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিপিডিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন মেম্বার প্রকৌশলী মো. আব্দুল বাছিদ, ফাইন্যান্স ডিরেক্টর ছালেহ আহমেদ, কমার্শিয়াল জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল আবসার এবং ঢাকা কম্পিউটার সেন্টারের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মৃগাঙ্ক মোহন পাল। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে আরো ছিলেন হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মুসাব্বির আহমেদ এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড শেখ মোহাম্মদ ইমরান কাদেরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও