এখনো নিম্নমুখিতায় এশিয়ার চালের বাজার

বেশ কয়েক মাস ধরেই নিম্নমুখিতায় আছে এশিয়ার চালের বাজার।

বেশ কয়েক মাস ধরেই নিম্নমুখিতায় আছে এশিয়ার চালের বাজার। পর্যাপ্ত মজুদ ও কম চাহিদার কারণে এ প্রবণতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৩৫৪-৩৬২ ডলার। ২০২২ সালের জুনের পর এটিই সর্বনিম্ন। আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল ৩৬৭-৩৭১ ডলারে বেচাকেনা হয়েছে। এছাড়া ভারতে চলতি সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত আতপ চাল বিক্রি হয়েছে টনপ্রতি ৩৬৯-৩৭৫ ডলারে।

ভারতের অন্যতম শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠান সত্যম বলাজির নির্বাহী পরিচালক হিমাংশু আগারওয়াল বলেন, ‘ভারতীয় চাল পাকিস্তান ও থাইল্যান্ডের তুলনায় বেশি দামে বিক্রি হওয়ায় রফতানি চাহিদা খুবই কম।’

এদিকে ভারতের সরকারি গুদামে চালের মজুদ সেপ্টেম্বরের শুরুতে রেকর্ড পরিমাণে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যশস্যটির মজুদ বেড়েছে ১৪ শতাংশের বেশি।

তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে ভারতে চালের মজুদ দাঁড়িয়েছে ৪ কোটি ৮২ লাখ টনে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার (১ কোটি ৩৫ লাখ টন) তুলনায় অনেক বেশি। এ সময় গমের মজুদ দাঁড়িয়েছে ৩ কোটি ৩৩ লাখ টনে। খাদ্যশস্যটি মজুদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ৭৬ লাখ টন।

এক বৈশ্বিক ট্রেডিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নয়াদিল্লিভিত্তিক এক ডিলার বলেন, ‘চালের রফতানি বেড়েই চলেছে। এ বছর ভারত রেকর্ড পরিমাণ চাল রফতানি করতে যাচ্ছে। এছাড়া গত বছরের রেকর্ড ফসলের কারণে গুদামে মজুদও বেশি।’

চলতি সপ্তাহে ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের টনপ্রতি মূল্য ছিল ৪৪০-৪৫০ ডলার, যা আগের সপ্তাহে ছিল ৪৫০-৪৫৫ ডলার। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, এটি গত ২১ আগস্টের পর সর্বনিম্ন।

হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, ‘ফিলিপাইন দুই মাসের জন্য চাল আমদানি স্থগিতের পর টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দাম কমছে। বিশ্ববাজারে সরবরাহও পর্যাপ্ত।’

ভিয়েতনাম সেপ্টেম্বরের প্রথমার্ধে ২ লাখ ৩৪ হাজার টন চাল রফতানি করেছে, যার মূল্য ১১ কোটি ২৫ লাখ ডলার। এ নিয়ে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির চাল রফতানি দাঁড়িয়েছে ৬৬ লাখ টনে। আগের বছরের একই সময়ের তুলনায় পরিমাণে ১ দশমিক ৫ শতাংশ বেশি হলেও রফতানি আয় ১৭ শতাংশ কমে ৩৩৭ কোটি ডলারে নেমে এসেছে।

থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম চলতি সপ্তাহে টনপ্রতি ৩৬০ ডলারে স্থিতিশীল ছিল, যা আগের সপ্তাহে ছিল ৩৫৫-৩৬৫ ডলার। ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, চাহিদা খুব বেশি নেই, ক্রেতারা প্রয়োজনীয় পরিমাণেই কিনছেন। তবে বৃষ্টির কারণে ফলন ভালো হলে সরবরাহ বাড়বে।

আরও