লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবসায়িক লেনদেনের শেষদিন শুক্রবার তামার দাম ৫ শতাংশের বেশি কমেছে। ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধ নিয়ে উদ্বেগে শিল্প ধাতু ও খনি শিল্প সংস্থাগুলো বিক্রি বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব পড়েছে দামে। খবর মাইনিং উইকলি।
এলএমইতে শুক্রবার তামার দাম ৫ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৮৯০ ডলার ৫০ সেন্টে, যা ২০২২ সালের জুলাইয়ের পর থেকে সর্বনিম্ন।
ব্যবসায়ীদের মতে, এর আগে সরবরাহ সংকটের কারণে তামার দাম বাড়বে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পদক্ষেপের পর চাহিদা কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস এক প্রতিবেদনে জানায়, দীর্ঘমেয়াদে তামার বাজারে সরবরাহ ঘাটতি থাকতে পারে। তবে বৈশ্বিক জিডিপি ও চাহিদা দুর্বল থাকায় দাম নিম্নমুখীই থেকে যাবে।