স্পট মার্কেটে সামান্য বেড়েছে এলএনজির দাম

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছে।

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছে। এ সময় এলএনজির বাজারে মূল্যবৃদ্ধিকে সীমিত করে রাখে ইউরোপে চাহিদার নিম্নমুখিতা ও মজুদ বৃদ্ধির তথ্য। খবর বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জানুয়ারিতে উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৬৬ সেন্ট। এটি আগের সপ্তাহের ১১ ডলার ১০ সেন্টের তুলনায় কিছুটা বেশি।

ড্যাভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টবি কপসন জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এলএনজির দাম স্থিতিশীল পর্যায়ে রয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় দেরি করে শীত শুরু হয়েছে। এছাড়া তাপমাত্রা উষ্ণ থাকায় চাহিদা কম।

তিনি আরো জানান, সরবরাহ বিঘ্নের মতো কোনো পরিস্থিতি তৈরি না হলে দাম স্থিতিশীলই থাকবে।

এশিয়ার স্পট মার্কেটে ইউরোপের টিটিএফের (নেদারল্যান্ডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) তুলনায় কিছুটা বেশি দামে প্রাকৃতিক গ্যাস বেচাকেনা হচ্ছে। আইসিআইএসের সিনিয়র বিশ্লেষক আলেক্স ফ্রোলি জানান, দীর্ঘ দূরত্বে কার্গো সরবরাহের জন্য এশিয়ায় পরিবহন ব্যয় বেশি হচ্ছে।

ইউরোপে ডাচ ও ব্রিটিশ হোলসেল প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা কমেছে। কারণ এ অঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি উষ্ণ তাপমাত্রার কারণে চাহিদা কমেছে। শীতের শুরুতে ঠাণ্ডা পড়লেও দাম উল্লেখযোগ্যভাবে বাড়েনি।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে উত্তর-পশ্চিম ইউরোপে ডিসেম্বরে সরবরাহের জন্য গত বৃহস্পতিবার প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল প্রায় ১০ ডলার।

আর্গাস এ দাম নির্ধারণ করেছে প্রতি এমএমবিটিইউয়ে ১০ ডলার ২ সেন্ট। স্পার্ক কমোডিটিজ ডিসেম্বরে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১০ ডলার ৬ সেন্ট।

ভূমধ্যসাগরীয় প্রাচ্য এলাকায়, যেমন তুরস্ক ও গ্রিসে বিদ্যুৎ উৎপাদনের জন্য এলএনজির চাহিদা বেড়েছে। মিসরও কয়েকটি কার্গো দ্রুত কেনায় বিক্রেতারা অফার সীমিত করছে।

আটলান্টিক এলএনজির ম্যানেজার অ্যালি ব্লেকওয়ে জানান, এ অঞ্চলে চাহিদা বেশি। তাই বিক্রেতারা প্রিমিয়াম মার্কেটে বিক্রি করতে চাইছে।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাশিম আফগান জানান, যুক্তরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব এশিয়ায় উত্তমাশা অন্তরীপ রুটে এলএনজির সরবরাহ ইউরোপের দিকে যাচ্ছে। আর পানামা রুটে এশিয়ার দেশগুলোয় সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো জানান, গত সপ্তাহে আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় বেড়ে দৈনিক ১ লাখ ৩০ হাজার ৭৫০ ডলারে পৌঁছেছে। এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ৭৮ হাজার ৭৫০ ডলারে। এটি যথাক্রমে ২০২৩ সালের ডিসেম্বর ও ২০২৪ সালের আগস্টের পর সর্বোচ্চ।

আরও