নাটোরে শিল্প উপদেষ্টা

চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলগুলোয় জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে। এরই মধ্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে বিক্রি শুরু হয়েছে ও তা চলমান রয়েছে।’

নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গতকাল স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এরপর শিল্প উপদেষ্টা নাটোর সুগার মিলস লিমিটেড পরিদর্শন করেন।

আদিলুর রহমান খান বলেন, ‘চিনিকল থেকে দ্রুত মুনাফা আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারা দেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।’

তিনি আরো বলেন, ‘শুধু ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশী বিনিয়োগের বিকল্প নেই। এরই মধ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ চলছে। অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।’

এ সময় চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী কাজ শুরু করার পরিকল্পনার কথাও তুলে ধরেন শিল্প উপদেষ্টা। তিনি বলেন, ‘দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন সহযোগী হিসেবে এগিয়ে আসে, সেজন্য আলোচনাও চলছে।’

পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও