বিশ্ববাজারে স্বর্ণের দরবৃদ্ধি অব্যাহত

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদহার কমাতে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম।

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদহার কমাতে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে বেড়েই চলেছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে গতকাল মূল্যবান ধাতুটির দাম পৌঁছেছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৫৪ ডলার ৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি। এদিন লেনদেনের শুরুতে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৬৫৯ ডলার ১০ সেন্টে পৌঁছে, যা রেকর্ড সর্বোচ্চ। খবর রয়টার্স।

এদিকে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম পৌঁছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৯৩ ডলারে। এটিও আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ বেশি।‌ এর আগে সোমবার স্পট মার্কেটে প্রথমবারের মতো ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। সে সময় লেনদেনের এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬২২ ডলার ৭ সেন্টে পৌঁছেছিল।

চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। ২০২৪ সালে এটি ২৭ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছিল। সে সময় দরবৃদ্ধির ভূমিকা রেখেছিল ডলারের বিনিময় হার কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয় ও ভূরাজনৈতিক অস্থিতিশীলতা।

ডলারের বিনিময় হার সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী দেশগুলোর জন্য স্বর্ণ ক্রয় তুলনামূলক সস্তা হয়ে উঠেছে। এতে স্বর্ণের চাহিদা বাড়ার কারণে তার প্রভাব পড়েছে দামে। পাশাপাশি ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ডও পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

নেমো মানির প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ফেডের সুদহার কমানোর প্রত্যাশার কারণে নতুন রেকর্ড ঊচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। ডলারের বিনিময় হার কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়বৃদ্ধি—এসব কারণও মূল্যবান ধাতুটির দরবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী সপ্তাহে ফেডের ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সম্ভাবনা ৮৮ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর ৫০ বেসিস পয়েন্ট হ্রাসের সম্ভাবনা ১২ শতাংশ।

বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্য এবং ভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) প্রত্যাশার চেয়ে কমে গেলে চলতি সপ্তাহেই স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭০০ ডলারে পৌঁছতে পারে।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪১ ডলার ২২ সেন্টে। এ সময় প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ১ হাজার ৩৮৯ ডলারে। প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ ডলার ৭৮ সেন্টে।

আরও