২৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার

চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক শূন্য ৫ বিলিয়ন বা ৩০৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সবশেষ গত ২৪ জানুয়ারি দেশে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৩০ লাখ ডলার। রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের নতুন রেকর্ড গড়তে পারে চলতি মার্চে।

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে। সাধারণত ঈদ-রোজার মতো উৎসবকে কেন্দ্র করে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পায়। গত বছর পবিত্র রমজান শুরু হয়েছিল মার্চের দ্বিতীয় দিন; আর পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছিল মাসের শেষ দিন তথা ৩১ মার্চ। সে মাসজুড়ে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩ দশমিক ২৯ বিলিয়ন বা ৩২৯ কোটি ডলার। একক মাস হিসেবে সে মাসটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের।

চলতি বছর রমজান শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। এরপর পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে ২১ মার্চ। এ মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৯ শতাংশ। গত বছরের একই সময়ে ২৭৪ কোটি ৯০ লাখ ডলারের বিপরীতে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছে ৩০৫ কোটি ডলার। এ নিয়ে টানা চার মাস ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে প্রবাসী আয়। গত বছরের ডিসেম্বরে দেশে বৈধ পথে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ডলার। এরপর চলতি ২০২৬ সালের প্রথম মাস তথা জানুয়ারিতে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। এরপর ফেব্রুয়ারিতে প্রবাসী আয় আসে ৩০২ কোটি ডলার। সব মিলিয়ে দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত পাঁচবার ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে প্রবাসী আয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে দেশে। যেখানে গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১ দশমিক ২৩ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ১ শতাংশ।

আরও