যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা প্রশমনের সম্ভাবনা

আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের

চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির জেরে গত সপ্তাহের শেষে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল।

চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকির জেরে গত সপ্তাহের শেষে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের সর্বনিম্নে নেমে গিয়েছিল। গতকাল তা কিছুটা বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের সম্ভাব্য আলোচনায় দিকে নজর রেখেছেন। এতে বিশ্বের দুই প্রধান অর্থনীতি এবং জ্বালানি তেল ব্যবহারকারী দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমিত হতে পারে বলে প্রত্যাশা করছেন তারা। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ৯৪ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৩ ডলার ৬৭ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৯ ডলার ৮১ সেন্ট, যা আগের দিনের তুলনায় ৮৯ সেন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেশি।

এ বিষয়ে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ডিবিএসের এনার্জি অ্যানালিস্ট শুভ্র সরকার বলেন, ‘১০ নভেম্বর বাণিজ্য চুক্তির সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা এবং গাজায় যুদ্ধবিরতির খবরে গত সপ্তাহে জ্বালানি তেলের দাম কমেছে।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনার সম্ভাবনার কারণে দাম কিছুটা বেড়েছে। তবে এটি স্থায়ী নয়। স্বল্পমেয়াদে বাজারের পরিস্থিতি নির্ভর করবে আলোচনার চূড়ান্ত ফলাফলের ওপর।

এর আগে গত সপ্তাহে চীন দুষ্প্রাপ্য খনিজ রফতানিতে নিয়ন্ত্রণ বাড়ানোর পর বাণিজ্য উত্তেজনা বেড়ে গিয়েছিল। এর জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ বৈঠক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। কারণ শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ জামিসন গ্রিয়ার জানান, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ফোরাম চলাকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এর আগে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির জেরে মার্চ ও এপ্রিলে জ্বালানি তেলের দাম অনেকটা কমে গিয়েছিল। এদিকে চীনের কাস্টমস ডাটা অনুযায়ী, সেপ্টেম্বরে চীনের জ্বালানি তেল আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এ সময় দেশটির মোট আমদানির পরিমাণ ছিল দৈনিক ১ কোটি ১৫ লাখ টন।

চীনের পরিশোধন কার্যক্রম বৃদ্ধি দেশটির আমদানি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেপ্টেম্বরে দেশটির পরিশাধন সক্ষমতা ছিল ৭৩ দশমিক ৪৫ শতাংশ। এটি আগস্টের তুলনায় ১ দশমিক ২৮ শতাংশ বেশি। বছরের শুরু থেকে এ সক্ষমতা বেড়েছে ৩ দশমিক ২২ শতাংশ।

আরও