কর্মদক্ষতা ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ২৫ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, কর্মীদের কাজের মানোন্নয়ন, সাফল্যের স্বীকৃতি এবং উৎকর্ষের সংস্কৃতি জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান। এ সময় ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ ও পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরীসহ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান ফিরোজুর রহমান পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি কর্মীদের নিষ্ঠা, সততা ও সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে পেশাদারত্ব ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বানও জানান।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কর্মীদের নিরলস পরিশ্রম, গ্রাহকদের আস্থা ও দলগত প্রচেষ্টাই স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সাফল্যের মূল ভিত্তি।’ ভবিষ্যতে আরো উচ্চতর লক্ষ্য অর্জন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।