টেবিলের শোভা বাড়াবে বিড়াল আকৃতির চার্জার

স্মার্টফোনের অনুষঙ্গ বা অ্যাকসেসরিজ নির্মাতা প্রতিষ্ঠান ইউগ্রিন বাজারে এনেছে নতুন ৪৫ ওয়াটের জিএএন ফাস্ট চার্জার।

এটি ডিভাইস চার্জ করার পাশাপাশি টেবিল বা ডেস্ক সাজানোর অনুষঙ্গ হিসেবেও ব্যবহার করা যাবে। প্রথাগত চারকোনা বক্স বা ইটের মতো ডিজাইনের পরিবর্তে চার্জারটিকে একটি ছোট বিড়ালের পুতুলের মতো রূপ দেয়া হয়েছে। এর রয়েছে আকর্ষণীয় চোখ-মুখ, কান ও গোলগাল একটি শরীর। এছাড়া চার্জারটিতে আছে একটি বিশেষ স্প্লিট বডি বা দ্বিখণ্ডিত করার সুবিধা।

সাদা রঙের চার্জারটির ওপরের ও নিচের অংশে লাল রঙের ছোঁয়া রয়েছে। বিড়ালের মুখের অবয়বের কারণে এটি দেখতে বেশ চমৎকার ও আকর্ষণীয় লাগে। ইউগ্রিন জানিয়েছে, চার্জারটি তৈরিতে ত্বকের জন্য ক্ষতিকর নয় এমন লিকুইড সিলিকন ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহার না করার সময় এটি ডেস্কে একটি সুন্দর শোপিস বা পুতুল হিসেবে রেখে দেয়া যায়।

কোনো ডিভাইস চার্জ করতে চাইলে ব্যবহারকারীকে কেবল বিড়ালের মাথাটি তার শরীর থেকে আলাদা করতে হবে। আলাদা করা মাথার ওপরের অংশে একটি ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, যেখানে চার্জিং কেবল যুক্ত করা যাবে।

অত্যাধুনিক জিএএন প্রযুক্তির চার্জারটি একক ইউএসবি সি পোর্টের মাধ্যমে সর্বোচ্চ ৪৫ ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট দিতে পারে। এটি ৫ ভোল্ট/৩ অ্যাম্পিয়ার, ৯ ভোল্ট/৩ অ্যাম্পিয়ার, ১৫ ভোল্ট/৩ অ্যাম্পিয়ার ও ২০ ভোল্ট/২.২৫ অ্যাম্পিয়ারের মতো বিভিন্ন চার্জিং প্রোফাইল সমর্থন করে। এ সুবিধার কারণে চার্জারটি দিয়ে স্মার্টফোন, ট্যাবলেট, হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস ও কিছু হালকা ওজনের ল্যাপটপ সহজেই চার্জ করা যাবে।

চার্জারটি ১০০-২৪০ ভোল্ট ইনপুট সমর্থন করে। এর ওজন ১১৫ গ্রাম। বক্সসহ এর মোট ওজন দাঁড়ায় প্রায় ১৫০ গ্রাম। চার্জারটির উচ্চতা ৬৩ দশমিক ২৫ মিলিমিটার, প্রস্থ ৫২ দশমিক ৫ মিলিমিটার ও গভীরতা ৪৮ মিলিমিটার। এক্স৬৪০ মডেলের চার্জারটিতে ইউগ্রিন ১৮ মাসের ওয়ারেন্টি দিচ্ছে।

চীনের বাজারে ইউগ্রিন চার্জারটির দাম ৮৯ ইউয়ান, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ হাজার ৬০০ টাকার মতো। বর্তমানে এটি চীনের জনপ্রিয় অনলাইন শপ জেডিডটকম থেকে কেনা যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের বাজারে এটি কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। খবর ও ছবি

গিজমোচায়না

আরও