পাম অয়েলের দাম অচিরেই টনপ্রতি ৪ হাজার ৩০০ রিঙ্গিত (১ হাজার ১৮ ডলার) ছাড়াতে পারে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল (এমপিওসি)। গতকাল প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়া, বায়োডিজেল খাতে চাহিদা বৃদ্ধি এবং পাম অয়েল উৎপাদনে ধীরগতির কারণে বাজারে এ উচ্চমূল্য বজায় থাকবে। খবর বিজনেস রেকর্ডার।
এমপিওসি জানিয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে আসায় ক্রেতারা বিকল্প উৎস হিসেবে পাম অয়েলের দিকে ঝুঁকছেন। এতে বাজারে চাহিদা বাড়ছে। পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বায়োডিজেলের ব্যবহারও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এটি পাম অয়েলের ব্যবহার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তবে এমপিওসি সতর্ক করে জানিয়েছে, এ দাম কতটা টেকসই হবে, তা নির্ভর করবে রফতানি বাজারে পাম অয়েল সয়াবিন তেলের সঙ্গে কতটা প্রতিযোগিতা করতে পারে তার ওপর। কারণ আন্তর্জাতিক ক্রেতারা মূল্য সুবিধা বিবেচনা করেই ক্রয়ের সিদ্ধান্ত নেন।
পাম অয়েল বিশ্ববাজারে অন্যতম প্রধান ভোজ্যতেল। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এ খাতের শীর্ষ উৎপাদনকারী দেশ। বিশ্বব্যাপী খাদ্যপণ্য ও জ্বালানি শিল্পে এর বহুমুখী ব্যবহার থাকায় দামের ওঠানামা আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।