জাপানের গাড়ি নির্মাতা টয়োটা গত মাসে ৭ লাখ ৮১ হাজার ৭২৯ ইউনিট গাড়ি তৈরি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি। এর মধ্য দিয়ে এক বছরের মধ্যে প্রথমবারের মতো উৎপাদন বেড়েছে কোম্পানিটির। এটি একই সঙ্গে জানুয়ারিতে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড। নিরাপত্তা পরীক্ষায় জালিয়াতির কারণে স্থানীয়ভাবে কিছু মডেলের উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানিটি ফের ঘুরে দাঁড়িয়েছে। খবর জাপানটাইমস।
তবে গত মাসে জাপানের ৮টি প্রধান গাড়ি নির্মাতা কোম্পানির সম্মিলিত বৈশ্বিক উৎপাদন নিম্নমুখী হয়েছে। এ সময় তাদের উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৯ শতাংশ কমে ১৯ লাখ ৭০ হাজার ইউনিটে নেমে গেছে। কোম্পানিগুলোর দেয়া তথ্য থেকে জানা গেছে, শীর্ষ ভোক্তা দেশ চীনে বিক্রি কমায় উৎপাদন কমেছে।
বৈশ্বিক গাড়ি বিক্রির হিসাবে শীর্ষে আছে টয়োটা। জানুয়ারিতে বিশ্বব্যাপী ৭ লাখ ৮৫ হাজার ৬৩২ ইউনিট গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি। এটি জানুয়ারিতে সর্বোচ্চ বিক্রির রেকর্ডও।
গত বছর নিরাপত্তা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে টয়োটা ও এর মালিকানাধীন দাইহাতসু মোটর কোম্পানির বিরুদ্ধে। এর জেরে কিছু মডেলের স্থানীয় উৎপাদন স্থগিত করতে বাধ্য হয় তারা। তবে পুনরায় উৎপাদন শুরু ও জাপানের স্থানীয় বাজারে নতুন মডেলের গাড়ি বিক্রি বাড়ায় টয়োটার বৈশ্বিক উৎপাদন বেড়েছে।
গত মাসে টয়োটার দেশীয় উৎপাদন ২২ দশমিক ৩ শতাংশ বেড়ে ২ লাখ ৬৫ হাজার ৯৯৯ ইউনিটে পৌঁছেছে। একই সময়ে জাপানের বাইরে উৎপাদন ১ দশমিক ৪ শতাংশ কমলেও তা পুষিয়ে নিতে সক্ষম হয়েছে।
একই সময়ে স্থানীয় বাজারে বিক্রি ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ লাখ ২৬ হাজার ৫৩৪ ইউনিটে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক বাজারে বিক্রি ১ দশমিক ৯ শতাংশ কমে ৬ লাখ ৫৯ হাজার ৯৮ ইউনিটে নেমে গেছে।