টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিনোদন ও দৈনন্দিন জীবনের বিভিন্ন ডিজিটাল সেবা একই প্লাটফর্মে আনতে ‘মুক্ত’ নামে নতুন একটি অ্যাপ চালু করছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির বিদ্যমান সেলফ সার্ভিস অ্যাপ ‘মাইবিএলকে’ পরিবর্তন করে তৈরি এ প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক। সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
দেশের প্রথম টেলকো-অ্যাগনস্টিক ডিজিটাল প্লাটফর্ম ‘মুক্ত’। এ অ্যাপে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, দেশের যেকোনো মোবাইল নম্বর কিংবা বিশ্বের যেকোনো দেশের নম্বর দিয়ে লগইন করা যাবে। ফলে যেকোনো স্থান থেকে একটি অ্যাকাউন্টের মাধ্যমে সেবাগুলো ব্যবহার করা সম্ভব হবে।
অ্যাপটিতে গান ও গল্প শোনা, ইসলামিক পরামর্শ, সংবাদ, খেলাধুলা, টেলিযোগাযোগ সেবা এবং দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা থাকবে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পার্সোনালাইজেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও আগ্রহ অনুযায়ী পণ্য বা সেবার সুপারিশ করা হবে। নিজের নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা পরিচালনা করা যাবে।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, ‘গ্রাহকদের শুধু টেলিযোগাযোগ সেবার চাহিদা নয়, দৈনন্দিন জীবনের অন্য প্রয়োজনও বিবেচনায় নেয়া হচ্ছে। মানুষ তাদের ডিজিটাল জীবনকে কোনো নির্দিষ্ট মোবাইল অপারেটরের সেবায় সীমাবদ্ধ রাখতে চায় না। তারা এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে সহজে মিশে গিয়ে সেবাকে আরো সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। ‘মুক্ত’র মাধ্যমে এসব সেবা একটি প্লাটফর্মে আনার লক্ষ্য রয়েছে।’
‘মুক্ত’ চালুর মাধ্যমে ডিজিটাল সেবা প্রদানের কৌশলেও পরিবর্তন আনছে বাংলালিংক। আগে মূলত নিজেদের গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা তৈরি করলেও এখন সব অপারেটরের গ্রাহকদের জন্য সেবা সম্প্রসারণ করতে চায় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দৈনন্দিন জীবনে ডিজিটাল সেবার ব্যবহার আরো সহজ ও বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলালিংক।