বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম কমেছে। এর আগে পণ্যটির দাম ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বিনিয়োগ তহবিলগুলোর কেনাকাটা কমে যাওয়া এবং বাজারে চাহিদা দুর্বল হওয়ায় এ দরপতন হয়েছে। একই দিনে কফি ও কোকোর দামও কমেছে। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডনের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গত বুধবার অপরিশোধিত চিনির দাম প্রতি পাউন্ডে ১ দশমিক ৩ শতাংশ কমে ২০ পাউন্ড ৫৪ সেন্টে নেমেছে। এর আগে দাম ২১ পাউন্ড ২৪ সেন্টে উঠেছিল। নিউইয়র্কের বাজারে সাদা চিনির দাম ১ দশমিক ৫৫ শতাংশ কমে প্রতি টন ৫৪৭ ডলার ৯০ সেন্টে দাঁড়িয়েছে।
এদিকে অ্যারাবিকা কফির দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে প্রতি পাউন্ড ২ ডলার ৯৩ সেন্টে নেমেছে। তবে এল নিনোর কারণে উৎপাদন কমার আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিল সেপ্টেম্বরে ২ লাখ ৩৫ হাজার ৮০০ টন কাঁচা কফি রফতানি করেছে, যা ২০ মাসের মধ্যে সর্বোচ্চ। রোবাস্তা কফির দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি টন ৩ হাজার ৪৯২ ডলার হয়েছে। লন্ডনে কোকোর দাম দশমিক ৭ এবং নিউইয়র্কে ১ দশমিক ৬ শতাংশ কমেছে।
আইভরি কোস্টে বৃষ্টির পূর্বাভাসে কোকোর ফলন নিয়েও উদ্বেগ কিছুটা কমেছে।