ফিউচার মার্কেটে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম কিছুটা বেড়েছে। ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) পণ্যটির দাম ও ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় হার কমে যাওয়া পণ্যটির দাম বাড়ায় ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের দাম দশমিক ২৩ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ৮২৭ রিঙ্গিতে (১ হাজার ৮২ ডলার ৭৭ সেন্ট)। গত সপ্তাহে এ বাজারে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৪ শতাংশের বেশি কমে গিয়েছিল।
মুম্বাইভিত্তিক সানভিন গ্রুপের কমোডিটি রিসার্চ হেড অনিলকুমার বাগানি বলেন, ‘ফিউচার মার্কেটে অপরিশোধিত পাম অয়েলের দাম কমে গিয়েছিল। তবে অন্যান্য ভোজ্যতেলের কারণে তা আবার দ্রুত পুনরুদ্ধার হয়েছে। এছাড়া মালয়েশীয় রিঙ্গিতের বিনিময় কমে যাওয়া ও এশিয়ায় সরিষা তেলের দাম বেড়ে যাওয়ায় পাম অয়েলের বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।’
কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ীও জানান, রিঙ্গিতের নিম্নমুখী বিনিময় হার পাম অয়েলের দাম সমর্থন করেছে।
উল্লেখ্য, ডলারের বিপরীতে রিঙ্গিতের বিনিময় হার দশমিক ২৫ শতাংশ কমেছে।