বাংলাদেশের বাজারে আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক পিএলসি। প্রথমবারের মতো চালু করা কার্ডটির নাম দেয়া হয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড। নতুন এ কার্ডের গ্রাহকরা ব্যক্তিগত সেবা, আন্তর্জাতিক ভ্রমণসহ বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। গতকাল সকালে ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে কার্ডটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার, কার্ড বিভাগের প্রধান তৌহিদুল আলম, আমেরিকান এক্সপ্রেসের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার দিব্যা জৈনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ কার্ডের মেম্বাররা তাদের জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ২০ হাজার টাকা মূল্যের এক্সক্লুসিভ ওয়েলকাম গিফট ভাউচার পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। পাশাপাশি কার্ড মেম্বাররা দুই বছরের জন্য বিনামূল্যে ট্যাবলেট প্লাসের মেম্বারশিপ উপভোগ করবেন, যা আন্তর্জাতিক বিলাসবহুল বুটিক হোটেল ও ব্র্যান্ডগুলোয় বিশেষ সুবিধা দেবে। সিটি ব্যাংক জানায়, প্লাটিনাম রিজার্ভ ক্রেডিট কার্ড মেম্বাররা বিনামূল্যে প্রায়োরিটি পাস মেম্বারশিপ পাবেন এবং দুই জন অতিথিসহ বিশ্বের ১ হাজার ৭০০-এরও বেশি বিমানবন্দর লাউঞ্জে অবারিত প্রবেশাধিকার উপভোগ করবেন।