চীনা বিনিয়োগে কড়াকড়ি শিথিল করল ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও অর্থনৈতিক চাপের মুখে চীনা বিনিয়োগের ওপর বিধিনিষেধ শিথিল করেছে ভারত।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা প্রতিবেশী দেশগুলো থেকে ক্যাপিটাল গুডস (মূলধনি পণ্য), ইলেকট্রনিকস ও সৌরবিদ্যুৎ খাতের বিনিয়োগে সবুজ সংকেত দিয়েছে। খবর এফটি।

উল্লেখ্য, ছয় বছর আগে দুই দেশের সীমান্ত সংঘর্ষের পর ‘প্রেস নোট ৩’ নামক আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে বিনিয়োগ আটকে দেয়া হয়।

ভারত সরকার জানিয়েছে, নতুন নির্দেশিকা দেশে ব্যবসা করা সহজ করবে এবং সরাসরি বিদেশী বিনিয়োগ বা এফডিআই বাড়াতে সাহায্য করবে। ফলে ভারত নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হওয়ায় ডলারের বিপরীতে রুপির মান রেকর্ড পরিমাণ কমে গেছে। এমন পরিস্থিতিতে ভারতের শিল্প খাত থেকেও চীনা বিনিয়োগ সহজ করার চাপ ছিল। নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের মালিকানায় ১০ শতাংশের কম চীনা হিস্যা রয়েছে, তারা এখন থেকে সরকারি অনুমতি ছাড়াই বিনিয়োগ করতে পারবে।

বর্তমানে চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হলেও ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে দেশটি থেকে বিনিয়োগ এসেছে ২৬ লাখ ৭০ হাজার ডলার। অন্যদিকে ভারতের মোট বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ৫ হাজার কোটি ডলার।

আরও